
শেষ আপডেট: 10 July 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (himachal flood)। চোখের নিমেষে জলের তোড়ে ভেসে যাচ্ছে বড় বড় গাড়ি। বাসস্ট্যান্ডে হু হু করে ঢুকছে জল। ভাসছে দোকান-বাজার, বাড়িতে জল থইথই। রাস্তাঘাট রাতারাতি ডুবে গেছে। বাড়ছে নদীর জলস্তর। হড়পা বান-ভূমিধসে (landslide) লন্ডভন্ড চতুর্দিক।
গোটা হিমাচল প্রদেশের নানা প্রান্তে এখন এমনই বিভিন্ন দৃশ্যের কোলাজ। এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের অন্তত সাতটি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, বৃষ্টি এখনই থামবে না। বরং আরও ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। গত ৩৬ ঘণ্টায় রাজ্যে ১৪টি ধস নেমেছে। ১৩টি হড়পা বানের খবর পাওয়া গেছে। এর জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। আটকে পড়েছেন বহু পর্যটক। ভূমিধসে কুলু-মানালি হাইওয়ে বন্ধ। সাতশোর বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
হিমাচলের কুলু মানেই সস্তায় আপেল ও গরম পোশাক! বন্যায় কী অবস্থা সেই শহরের বাসস্ট্যান্ডের
এর মধ্যেই আজ, সোমবার দুপুরে খবর এল, ভেঙে গিয়েছে মানালি-লে সড়কের (Leh-Manali National Highway) বড় অংশ। কেলং ও কোক্সারের মাঝামাঝি সিসু এলাকার কাছে এই ভাঙন ঘটেছে। মানালি থেকে লাহুলে প্রবেশ করার যে অটল টানেল, তা-ও বন্ধ হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি ও ধসে। এর ফলে মানালি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল লাহুল ও স্পিতি উপত্যকা।
এই পরিস্থিতিতে সরকারের তরফে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু মানুষকে বাড়ির ভিতরে থাকার অনুরোধ জানিয়েছেন। সরকারের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
বান ডেকেছে বিয়াসে, মানালিতে তাণ্ডব! পর্যটকদের প্রিয় শহর যেন তাসের ঘর, দেখুন ভিডিও
সুখু একটি ভিডিও বার্তায় বলেছেন, “আমি হিমাচলের জনগণকে অনুরোধ করছি আগামী ২৪ ঘণ্টা আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। কারণ, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ৩টি হেল্পলাইন নম্বর ১১০০, ১০৭০ এবং ১০৭৭ খোলা রেখেছি। যে কোনও জরুরি পরিস্থিতিতে এই নম্বরগুলিতে ফোন করতে পারেন সাধারণ মানুষ।’’
হিমাচল ভ্রমণে শিমলা যাননি এমন পর্যটক বিরল, স্বপ্নের সেই শহরে এভাবে ভাঙছে ঘরবাড়ি! দেখুন ভিডিও