
শেষ আপডেট: 16 April 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো: গাঁজার নেশায় আচ্ছন্ন হয়ে (High on ganja) গাড়ি চালাচ্ছিলেন ২২ বছরের যুবক। রুটিন চেকিংয়ের জন্য তাঁর গাড়ি দাঁড় করানোর চেষ্টা করতেই ট্রাফিক পুলিশের বাইকে ধাক্কা মেরে তাঁকে বনেটে চড়িয়ে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল যুবক (hit and drag)!
হতবাক করা ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নভি মুম্বইতে (Navi Mumbai)। ২২ বছর বয়সি অভিযুক্তের নাম আদিত্য ধোনডিরাম বেম্বাদে। ঘটনার সময় নভি মুম্বইয়ের ব্লু ডায়মন্ড চক এলাকায় ডিউটিতে ছিলেন ট্রাফিক কনস্টেবল সিদ্ধেশ্বর মালি (৩৭)। সেই সময় ওই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল আদিত্য। রুটিন চেকিংয়ের জন্য হাত দেখিয়ে গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন সিদ্ধেশ্বর। কিন্তু দাঁড়ানোর বদলে ধরা পড়ে যাওয়ার ভয়ে আদিত্য গতি বাড়িয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে।
এতক্ষণ অবধি সব ঠিক থাকলেও আদিত্য গাড়ি ছুটিয়ে পালিয়ে যাওয়ায় সন্দেহ হয় সিদ্ধেশ্বরের। বাইকে চেপে তিনি গাড়িটির পিছু ধাওয়া করেন। পাম বিচ রোড এলাকায় বাইক নিয়ে আদিত্যকে আটকানোর জন্য তার গাড়ির সামনে চলে আসেন ওই পুলিশকর্মী। অভিযোগ, তারপরও গাড়ি থামায়নি যুবক। উল্টে গাড়ি নিয়ে সিদ্ধেশ্বরকে ধাক্কা মারার চেষ্টা করে সে। এরপরেই প্রাণ বাঁচাতে বাইক ছেড়ে আদিত্য গাড়ির বনেটে উঠে পড়েন ওই ট্রাফিক কনস্টেবল। সেই অবস্থাতেই ছুটতে থাকে আদিত্যর গাড়ি।
অন্যান্য ট্রাফিক পুলিশকর্মীদের চোখে সেই দৃশ্য ধরা পড়া মাত্রই ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে খবর দেন তাঁরা। এরপর গাড়িটিকে আটকানোর জন্য উড়ান রোড এলাকায় রাস্তা আটকে দেন ট্রাফিক পুলিশকর্মীরা। সেখানেই ধরা হয় আদিত্যকে।
মেডিকেল পরীক্ষায় জানা গেছে, অভিযুক্ত যুবক গাঁজার নেশায় আচ্ছন্ন ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সেক্টর ১৫ নেরুল এলাকায় নিজের বাবা মার সঙ্গেই থাকে আদিত্য। সবেমাত্র ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট পড়া শেষ করেছে সে। তার বাবা একজন সরকারি আধিকারিক এবং মা গৃহবধূ। আদিত্যর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে এই ঘটনা ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি সিদ্ধেশ্বর মালি। 'গাড়ির বনেটে যখন ঝুলছিলাম, তখন মনে হচ্ছিল আর বাঁচব না। আমার পনেরো বছরের কর্মজীবনে এমন ভয়াবহ ঘটনার সম্মুখীন কখনও হইনি। আমার এখনও মাথার ঠিক নেই। গাড়ি থামানোর পর কী ঘটেছিল এবং চালক কী বলেছিল সে ব্যাপারে কিছুই মনে নেই আমার,' জানিয়েছেন তিনি।
'এনকাউন্টার হোগা!' ১৯ বছর আগে নিজেকে নিয়ে বলেছিলেন আতিক, সে আশঙ্কাই কী সত্যি হল!