আদালতের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী অন্তত ৩০ দিন আটক রেখে তদন্ত করা দরকার। অথচ সোনালিকে ২৬ জুনই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 September 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের (Birbhum) আট মাসের অন্তঃসত্ত্বা (Pregnant) সোনালি বিবি ও তাঁর পরিবারকে বাংলাদেশে পুশব্যাক (Bangladesh Pushback) করার অভিযোগে মঙ্গলবার বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেছে - ২৪ জুন সোনালিকে আটক করা হয়। এর পরের ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল কীভাবে? কোন প্রক্রিয়া মানা হয়েছে?
আদালতের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী অন্তত ৩০ দিন আটক রেখে তদন্ত করা দরকার। অথচ সোনালিকে ২৬ জুনই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ। বেঞ্চের প্রশ্ন, মাত্র দু’দিনে কীভাবে সিদ্ধান্ত হল যে তাঁরা বাংলাদেশি? এত তাড়াহুড়ো কেন করা হল?
শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর বক্তব্য, ঘটনা দিল্লিতে ঘটেছে, তাই কলকাতা হাইকোর্টের এক্তিয়ার নেই। তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে এবং এই মামলা গ্রহণযোগ্য নয়। দিল্লি পুলিশের আইনজীবীর দাবি, সোনালির পরিবার এখনও পর্যন্ত হলফনামায় প্রমাণ করেনি যে তাঁরা বাংলাদেশি নন।
এই যুক্তিতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি চক্রবর্তী। তিনি বলেন, আটকের নির্দেশে লেখা আছে তাঁদের বাঙালি বস্তি থেকে আনা হয়েছে। কেবল তাই বলে কি বাংলাদেশি বলে চিহ্নিত করবেন? বেঞ্চ মামলাকারীর আইনজীবীদেরও প্রশ্ন করে জানায়, দেশ থেকে বহিষ্কারের আদেশকে চ্যালেঞ্জ করা হয়নি। তাই কোন ভিত্তিতে আদালত নির্দেশ দেবে, তা স্পষ্ট করতে হবে।
একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, কলকাতা ও দিল্লি দুই জায়গায় মামলা চলতে পারে না - একটি আদালতেই সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, গত ২৯ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সোনালির পুশব্যাক নিয়ে করা হেবিয়াস কর্পাস মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। সোনালি ও তাঁর পরিবার দিল্লির রোহিণীতে প্রায় দুই দশক ধরে কাগজকুড়োনো ও গৃহপরিচারিকার কাজ করতেন। পরিবারের অভিযোগ, জুন মাসে দিল্লি পুলিশ তাঁদের ঘর থেকে তুলে নিয়ে যায় এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। আদালত সে দিন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিস্তারিত জবাব চেয়েছে।