যে কোনও সংস্থা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আর্থিক যোগ্যতার মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, আবেদনকারী সংস্থার গত তিনটি আর্থিক বছরের প্রতিটিতেই অন্তত ১০০ কোটি টাকার লেনদেন থাকতে হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 February 2026 19:08
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ ধাম (Digha Jagannath Dham) নির্মাণের দায়িত্ব সামলেছিল হিডকো (HIDCO)। এবার সেই সংস্থাই সমুদ্রতটে নতুন পর্যটন পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী। দিঘায় (Digha) একটি বৃহৎ হোটেল প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে হিডকো। ইতিমধ্যেই ‘ই-অকশন’-এর মাধ্যমে দরপত্র ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোনও সংস্থা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আর্থিক যোগ্যতার মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, আবেদনকারী সংস্থার গত তিনটি আর্থিক বছরের প্রতিটিতেই অন্তত ১০০ কোটি টাকার লেনদেন থাকতে হবে। অর্থাৎ প্রকল্পের আকার ও বিনিয়োগের গুরুত্ব মাথায় রেখেই বাছাই প্রক্রিয়াকে কঠোর করা হয়েছে।
হোটেল নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে ন্যূনতম ২০০ কোটি টাকা। কাজ শেষ করতে সর্বোচ্চ পাঁচ বছরের সময়সীমা নির্ধারণ করেছে হিডকো। তবে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে সময়সূচি নিয়ে। কারণ দরপত্র চূড়ান্ত হওয়ার নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে। ফলে প্রকল্পের গতি ও বাস্তবায়ন নিয়ে কিছুটা জল্পনা তৈরি হয়েছে।
আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় মোট ৩৪টি প্লটে এই হোটেল গড়ে তোলা হবে। জমির পরিমাণ ৬.৮৮ একর। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তিতে আরও ১২টি প্লটের উল্লেখ রয়েছে, যার আয়তন ২.২৯ একর। সব মিলিয়ে প্রায় ১০ একর জমি জুড়ে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা।
রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দিঘা বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র। জগন্নাথ ধাম উদ্বোধনের পর সেই আকর্ষণ আরও বেড়েছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ধাম তৈরির পর পর্যটকের ঢল নেমেছে। যদিও হোটেল নির্মাণ কবে সম্পূর্ণ হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জগন্নাথ ধামের উদ্বোধন হয়। রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যে দর্শনার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি পেরিয়েছে। প্রশাসনের ধারণা, নতুন হোটেল তৈরি হলে দিঘায় পর্যটকের সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। সমুদ্রতটের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রকে ঘিরে তাই এখন বাড়তি প্রত্যাশা।