
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 July 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: ছুটি নিতে নিতেও ঘুরে দাঁড়াল বর্ষা। কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা ঘনিয়েছে। এর প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কাল থেকে নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে সারা রাজ্যে।
এই পরিস্থিতিতে রবিবারের একুশে জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভিজবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির আশঙ্কা। মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
কাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিতে এক জায়গায়। শনিবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার।