পুজোর সাজসজ্জায় জল ঢালতে আসছে বৃষ্টি! আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টির দাপট, আবহাওয়া দফতরের সতর্কতা জারি।

আবহাওয়া
শেষ আপডেট: 12 September 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একইসঙ্গে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে একটি নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আকাশে জমেছে মেঘ, শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি।
গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। অবশেষে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার প্রায় সব জেলাতেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কিছু জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির দাপট বেশি থাকবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কার্যত সক্রিয় হবে বর্ষা। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়াবিদদের পূর্বাভাস, শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে টানা বৃষ্টি। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
এই সময় মণ্ডপে মণ্ডপে শেষ পর্যায়ের সাজসজ্জা চলছে। নতুন করে বৃষ্টির পূর্বাভাস পুজো উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে বহুগুণে। প্রতিবারের মতো এবারও শারদোৎসবের আগে আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা।