পূর্বাভাস বলছে, ২৫ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 June 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বর্ষার দাপট উত্তরবঙ্গে। আজ, সোমবার আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির দাপট নেই। আলিপুর জানাচ্ছে, সোমবার সেভাবে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও বৃষ্টির দাপট বাড়বে। বুধবার পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের শুরুতে পরিবেশ মনোরম থাকলেও, জলীয় বাষ্প বেশি থাকায় দুপুর গড়াতেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আপাতত শহরে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।
এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাঠানকোট ও জম্মুর উপর। মৌসুমি বায়ু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও লাদাখের বড় অংশে। আগামী কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির বাকি অংশে।
পূর্বাভাস বলছে, ২৫ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসমে। পাকিস্তান থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা।
দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখ, মোজাফফরাবাদ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরল, মাহে ও উত্তরপ্রদেশে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।