জোড়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতা ও উপকূলীয় জেলাগুলোতে বজ্রবিদ্যুত-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, উত্তরবঙ্গে তুলনামূলক শান্ত আবহাওয়া পুজোর আগে।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 September 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতেও স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা কমেছে। মালদহ ও দুই দিনাজপুরে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে চলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এটির প্রভাব পড়বে।
সোমবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবারও।
বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
এই কদিন বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, না হলে আর্দ্রতার কারণে অস্বস্তি হবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।