দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান ব্লক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা। কৃষ্ণা দেবীর পরিবারের জন্য আপাতত ত্রাণ হিসেবে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে।

টানা বৃষ্টিতে দুর্ঘটনা বাঁকুড়ায়
শেষ আপডেট: 5 October 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের টানা বৃষ্টিতে ধসে পড়ল তৃণমূল নেত্রীর দোতলা মাটির বাড়ি (Trinamool leader house collapse)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ গ্রামে। ভোররাতের এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত হয়েছেন তৃণমূল নেত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেত্রী কৃষ্ণা মল্লিক, তাঁর স্বামী মাধব মল্লিক এবং ছেলে শ্যামসুন্দর মল্লিক বাড়িতেই ছিলেন। মাঝরাতে আচমকা বিকট শব্দ শুনে তাঁরা বুঝতে পারেন, বাড়ি ধসে পড়ছে (Trinamool leader house collapse)। কোনোরকমে তিনজনেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বাড়ির একাংশ ভেঙে পড়ে শ্যামসুন্দরের পায়ে আঘাত লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
অনুমান, একটানা বৃষ্টিতে ভিজে নরম হয়ে গিয়েছিল বাড়ির দেওয়াল ও মেঝে। ফলে দোতলা মাটির কাঠামো মুহূর্তে ভেঙে পড়ে যায়। ধ্বংসস্তূপের কিছু অংশ ছিটকে গিয়ে পাশের আর এক প্রতিবেশীর বাড়িকেও ক্ষতি করে। এলাকাবাসীর আশঙ্কা, গ্রামের আরও বেশ কিছু পুরনো মাটির ঘর একই অবস্থায় রয়েছে, যেগুলো যেকোনও সময় ধসে পড়তে পারে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান ব্লক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা। কৃষ্ণা দেবীর পরিবারের জন্য আপাতত ত্রাণ হিসেবে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্যের দুর্যোগ ত্রাণ তহবিল থেকে সাহায্যের প্রস্তাব পাঠানো হচ্ছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দীর্ঘ সময় জমে থাকে। ফলে মাটির দেওয়াল দুর্বল হয়ে যায়। সেই কারণেই ভেঙে পড়েছে বাড়িটি। প্রতিবেশীরাও জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে তাঁরা প্রশাসনের কাছে ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে আসছেন, কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি।
বর্তমানে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের আরও কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। গ্রামবাসীর আশঙ্কা, দ্রুত মেরামতির ব্যবস্থা না হলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Be Aware Alert)। এই সময় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।