
শেষ আপডেট: 22 July 2023 09:39
দ্য ওয়াল, কলকাতা: ১১ জুলাই, গণনার শেষ পর্বে হার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ব্যালট পেপার (Ballot Paper) চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। হাবড়ার ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের সিপিএমের পঞ্চায়েত প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার অভিযোগ করেছিলেন, ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সোশ্যাল সাইটে ভাইরালও হয় সেই ভিডিও। আদালতের নির্দেশ সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনও হয়।
ব্যালট খেয়ে নেওয়ার বিষয়টিকে ঘিরে এতদিন হাসিঠাট্টা হচ্ছিল জনমানসে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে (Ballot Paper) সম্প্রতি ‘মসকরা’ হয়েছে তৃণমূলের অন্দরেও। ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে ঘিরে ফি-বছরই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলী স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্ক সহ বেশ কয়েকটি জায়গায় দূরের জেলার কর্মীদের থাকার ব্যবস্থা করে তৃণমূল। এবং নিয়ম করে প্রতিবারের মতো এবারও কর্মীদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলের বিশ্বস্ত সূত্রের খবর, এবারে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মোট দু'বার গিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। তার মধ্যে একদিন ডিনারে অংশ নিয়েছিলেন তিনি। অভিষেকের সঙ্গে ডিনার করছিলেন দলের একাধিক মন্ত্রী, বিধায়করা। ছিলেন তাপস রায়, অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। সকলেই খাচ্ছিলেন, একমাত্র অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ছাড়া। বিষয়টি নজর পড়ে অভিষেকের। তিনি নারায়ণবাবুর (Narayan Goswami) কাছে জানতে চান, ‘তুমি ডিনার করবে না?’ জবাবে নারায়ণবাবু বলেন, ‘না, খিদে নেই।’ এরপরই মন্ত্রী-বিধায়কদের ভিড় থেকে কেউ একজন অভিষেকের উদ্দেশে রসিকতার সুরে বলে ওঠেন, ‘ও ব্যালট খেয়েছে, তাই ডিনার করছে না!’ প্রসঙ্গত, হাবড়া অশোকনগর বিধানসভার অন্তর্গত। এমন রসিকতা শুনে অভিষেক সহ অন্যান্যরা সকলেই হেসে ফেলেন। যদিও ঘনিষ্ঠ মহলে নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) দাবি, ‘কেউ আবার ব্যালট খেতে পারে নাকি!’
সম্প্রতি লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে খোলাখুলি বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিধানসভায় দলের উপ মুখ্য সচেতক তথা প্রবীণ নেতা তাপস রায়। অভিষেকের সামনেই সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তাপস বলেছিলেন, ওঁর হয়ে আর ভোট করাব না! শুধু অভিষেক নয়, সেই ঘরোয়া আড্ডায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, সুজিত বসু, পার্থ ভৌমিক, ইন্দ্রনীল সেন প্রমুখ।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ই বলে থাকেন, তৃণমূল দলটা একটা পরিবারের মতো। সেকথা স্মরণ করিয়ে দলের এক রাজ্য নেতার কথায়, পরিবারের মধ্যেও তো আমরা অনেক বিষয়ে অনেক সময় হাসি মসকরা করে থাকি। তৃণমূল দলটাও তেমনই। গুরু গম্ভীর পরিবেশ নয়, বরং অনেকটা খোলা হাওয়া (মুক্ত মানসিকতা) রয়েছে। সবাই সবার মনের কথাটা বলতে পারে। তাই তৃণমূলেই এসব সম্ভব হয়।
আরও পড়ুন: অভিষেকের সামনেই সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তাপসের, ওঁর হয়ে আর ভোট করাব না