
শেষ আপডেট: 21 September 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) আনুষ্ঠানিক সূচনা এখনও হয়নি। ২৩ সেপ্টেম্বর শনিবার চিনে গেমসের উদ্বোধন হবে সাড়ম্বরে। এতদিন একজন পতাকাবাহক থাকতেন অনুষ্ঠানে। এবার নিয়মের খানিক বদল হয়ে দু’জন পতাকা বইবেন। একজন নামী মহিলা বক্সার লভলিনা বারগোঁহাই (Lovlina)। অন্যজন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)।
ভারতের মোট ৬৫৫ জন অ্যাথলিট (কর্তাদের দল আলাদা) এবার এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। এত বড় দল এর আগে কোনওদিন গেমসে অংশ নেয়নি। সেই কারণেই কী দু’জন প্রতিযোগী দেশের পতাকাবাহক?
জ্যাভলিন তারকা নীরজ চোপড়া গত ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব সামলেছেন।
লভলিনা টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এছাড়াও এই বছর তিনি নয়াদিল্লিতে বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজি বিভাগে সোনা জিতেছেন।
হরমনপ্রীত বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার ও টোকিও গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছিলেন। ভারতীয় পুরুষ হকি দল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করার জন্য গেমসে সোনা জিততে চাইবেন।
ভারতের এই দুই তারকাই যথেষ্ট অভিজ্ঞ। দু’জনেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছেন। লভলিনার জন্য উত্তর পূর্ব ভারতে বক্সিং জনপ্রিয় হয়েছে। পাশাপাশি হরমনপ্রীত সিং ছেলেদের হকি দলকে নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন।
এশিয়ান গেমসের শেষ চারে ভারত, কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভেস্তে গেলেও সেমিতে স্মৃতিরা!