নেদারল্যান্ডসে ট্রামে জঙ্গি হানা, নিহত ৩, খুনির ছবি প্রকাশ করল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো : নিউ জিল্যান্ডে জঙ্গি হানার রেশ মেলাতে না মেলাতেই ফের জঙ্গিহানা হল নেদারল্যান্ডসে। সকালের ব্যস্ত সময়ে উট্রেখট শহরে এক ট্রামে উঠে গুলি চালাল এক বন্দুকবাজ। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ন’জন। বন্দুকবাজের খোঁজে শহরে
শেষ আপডেট: 18 March 2019 21:50
দ্য ওয়াল ব্যুরো : নিউ জিল্যান্ডে জঙ্গি হানার রেশ মেলাতে না মেলাতেই ফের জঙ্গিহানা হল নেদারল্যান্ডসে। সকালের ব্যস্ত সময়ে উট্রেখট শহরে এক ট্রামে উঠে গুলি চালাল এক বন্দুকবাজ। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ন’জন। বন্দুকবাজের খোঁজে শহরে চলছে তল্লাশি। যেখানে ট্রামের মধ্যে গুলি চলেছিল, তার কাছেই এক অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সশস্ত্র পুলিশকে। তাদের সঙ্গে আছে স্নিফার ডগ।
এই ধরনের আরও হামলার আশঙ্কায় নেদারল্যান্ডস জুড়ে জারি হয়েছে সতর্কতা। শহরের মেয়র জানিয়েছেন, ট্রামে খুব সম্ভবত জঙ্গি হানা হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা বাদেই উট্রেখটের পুলিশ ৩৭ বছর বয়স্ক এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তার জন্ম হয়েছিল তুরস্কে। সেই গুলি চালিয়েছিল বলে পুলিশ সন্দেহ করছে। ছবিতে দেখা যাচ্ছে, লম্বা দাড়িওয়ালা একটি লোক ট্রামে উঠছে। তার গায়ে গাঢ় নীল জ্যাকেট। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম গোকমেন ট্যানিস। তাকে দেখলে কেউ যেন কাছাকাছি না যায়। তার বদলে যেন শহর কর্তৃপক্ষকে খবর দেয়।

ট্রামে বন্দুকবাজের হামলা হয়েছে জানার পরেই ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী হাজির হয়। সেই সঙ্গে যায় পুলিশের হেলিকপ্টার। সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানানো হয়, ওই এলাকা থেকে দূরে থাকুন। শহরের মেয়র জ্যান ভান জ্যানেন বলেছেন, যে ন’জন গুলিতে আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খুব সম্ভবত ট্রামে একজন বন্দুকবাজ হামলা করেছিল। তবে তার অন্য সঙ্গীরাও আশপাশে থাকতে পারে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে বলেছেন, আমরা ভাবতেই পারছি না এই ধরনের আক্রমণ আমাদের দেশে হতে পারে। যদি জঙ্গিরাই হামলা করে থাকে, তবে আমাদের একটাই কথা বলার আছে। মতান্ধতা ও হিংসার চেয়ে আমাদের জাতি, আমাদের গণতন্ত্র নিশ্চয় অনেক শক্তিশালী।
জঙ্গি হানার পরে সতর্ক হয়েছে নেদারল্যান্ডসের প্রতিবেশী দেশ জার্মানিও। নেদারল্যান্ডসের সীমান্তে তারা নজর রাখছে। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া স্টেটের ফেডারেল পুলিশের মুখপাত্র হেনরিখ অনস্টেইন বলেছেন, প্রতিটি বড় হাইওয়ে, এমনকী ছোটখাটো রাস্তার অপরেও নজর রাখা হচ্ছে। নেদারল্যান্ডস থেকে প্রথমে জার্মানিকে সতর্ক করে বলা হয়েছিল, একটি লাল সেডান গাড়িতে চড়ে সম্ভবত জঙ্গিরা পালাতে চেষ্টা করবে। পরে জানা যায়, সেই গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে।