ম্যারাথনের সূচনায় স্টার্টার গান থেকে গুলি ছোড়ার সময় আচমকা বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনার সব দিক খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল নিজেই।

গুলি ছোড়ার সময়
শেষ আপডেট: 24 December 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এক ম্যারাথন দৌড়ের শুরুতে ঘটে যাওয়া একটি ঘটনায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। স্টার্টার গান (starter gun) থেকে গুলি ছোড়ার সময় হঠাৎই বন্দুক থেকে কণার মতো স্প্লিন্টার বেরিয়ে আসায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় অনুষ্ঠানস্থলে। ঘটনার গুরুত্ব বুঝেই এবার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন স্বয়ং রাজ্যপাল।
রাজভবন (Raj Bhavan) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, এই ঘটনার একাধিক দিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত ২১ ডিসেম্বর, শহরে আয়োজিত এক ম্যারাথন দৌড়ের সূচনার সময়। নিয়ম মেনেই স্টার্টার গান ব্যবহার করে দৌড়ের উদ্বোধন করছিলেন রাজ্যপাল।
তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের ডিউটিতে থাকা এড-ডি-ক্যাম্প (Aide-de-Camp) মেজর নিখিল কুমার (Major Nikhil Kumar)-এর জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্টার্টার গানটি অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকেই সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি, রাজ্যপাল সমস্ত নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই বন্দুকটি ব্যবহার করেছিলেন।
রাজভবনের এক শীর্ষ আধিকারিক জানান, গুলি ছোড়ার মুহূর্তে বন্দুক থেকে ধাতব কণা বা স্প্লিন্টারের মতো কিছু বেরিয়ে আসে। যদিও তাতে রাজ্যপাল বা উপস্থিত অন্য কোনও ব্যক্তি আহত হননি, তবে আচমকা এই ঘটনায় নিরাপত্তারক্ষী ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, রাজ্যপাল পিস্তলটি মুখের সামনে ধরে গুলি ছুড়ছেন। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা এড-ডি-ক্যাম্প বারবার মাথার ওপর পিস্তল তুলে গুলি করার পরামর্শ দিচ্ছিলেন। ঘটনার পরেও রাজ্যপালকে নির্বিকার থাকতে দেখা যায়।
প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কারও চিকিৎসার প্রয়োজন পড়েনি এবং অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।
তদন্তে এখন খতিয়ে দেখা হবে, এটি কোনও ইচ্ছাকৃত নিরাপত্তা লঙ্ঘন ছিল কি না, অনুষ্ঠান নস্যাৎ করার চেষ্টা হয়েছিল কি না বা রাজ্যপালের প্রাণনাশের কোনও ষড়যন্ত্র ছিল কিনা। পাশাপাশি, বন্দুকটি ত্রুটিপূর্ণ ছিল কি না এবং ব্যবহারের আগে টেস্ট ফায়ার (test fire) করা হয়েছিল কিনা, সেসব প্রশ্নের উত্তরও খোঁজা হবে।
এদিকে, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘প্রোটোকল ভাঙা’ সংক্রান্ত দাবি খারিজ করেছে রাজ্যপালের দফতর। রাজভবনের দাবি, এটি মূলত স্টার্টার গানের যান্ত্রিক ত্রুটির ফল। ঘটনার পর রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।