
শেষ আপডেট: 30 October 2022 18:53
দ্য ওয়াল ব্যুরো: ধারণক্ষমতার তুলনায় একসঙ্গে অনেক বেশি লোক উঠে পড়েছিলেন গুজরাতের মরবি এলাকার মাচ্ছু নদীর উপরের ওই সেতুতে। তাতেই বিপর্যয়, তাতেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে (Gujarat Bridge Collapse) এত মানুষের সলিলসমাধি-- এমনটাই মনে করছেন অনেকে। প্রশাসনিক সূত্রের খবর, মৃতের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। এখনও চলছে উদ্ধারকাজ। জীবিত অবস্থায় যাঁদের উদ্ধার করা যাচ্ছে, তাঁদের পাঠানো হচ্ছে নিকটবর্তী হাসপাতালে।
দুর্ঘটনার পরেই একাধিক ভিডিও সামনে এসেছে। কোনওটাই দেখা যাচ্ছে, ব্রিজের উপর থিকথিক করছে কয়েকশো মানুষ, কোনওটায় আবার দেখা যাচ্ছে, সেতুটি ভেঙে পড়ার পরেই নদীতে পড়ে যাওয়া মানুষরা ভাঙা রেলিং ধরে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। অনেকে আবার জলে পড়ে যাওয়ার পরে অসহায়ের মতো সাঁতার কেটে পাড়ে ওঠার চেষ্টা করছেন।
ইতিমধ্যেই মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাত সরকার। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আহতদের পরিবার পাবে ৫০ হাজার করে। সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে রবিবারই তিন দিনের গুজরাত সফরে এসেছেন মোদী। সেই সময়েই এই বিপর্যয়।
ব্রিজটি গত সাত মাস ধরে বন্ধ ছিল, সংস্কারের জন্য। দিন চারেক আগেই সেটি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তার পরেই এই বিপত্তি। স্থানীয় সূত্রের খবর, ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। তার উপর এদিন এত মানুষের অত্যধিক ওজনে সেটি ভেঙে পড়ে। প্রশ্ন উঠেছে, কোটি টাকা খরচ করে তা মেরামতির পরেও এই অবস্থা হল কী করে! বড়সড় দুর্নীতির অভিযোগও উঠেছে।
গুজরাতের ভয়াবহ ব্রিজ বিপর্যয়ে মৃত অন্তত ৬০, নিখোঁজ বহু! জোরকদমে চলছে উদ্ধারকাজ