রাজভবনের উদ্যোগে ‘আমাদের গ্রাম, আমাদের রাজ্যপাল’ প্রকল্পের অংশ হিসেবেই আয়োজন করা হয় ‘জলতরঙ্গ’ কর্মসূচির। রিভার ট্র্যাফিক গার্ডের জেটি থেকে লঞ্চে যাত্রা শুরু করেন রাজ্যপাল।

রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 22 November 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: দায়িত্বের তিন বছর পূর্তিতে আবারও নিজের স্বভাবসুলভ সহজ-সরল ভঙ্গিতেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (WB Governor CV Ananda Bose)। শুক্রবার সকাল থেকে সন্ধে - একের পর এক কর্মসূচিতে নদীপথে নাজিরগঞ্জ, সাঁকরাইল ও বজবজ ঘুরে দেখলেন তিনি। কোথাও রাস্তার ধারে দাঁড়িয়ে চপ খেলেন, কোথাও রাসমেলায় ফুচকার (Fuchka) স্বাদ নিলেন, তো কোথাও কীর্তনের তালে খোল-করতাল হাতে নিয়ে যোগ দিলেন সাংস্কৃতিক পর্বে। রাজ্যপালের এই সফরজুড়ে ছিল হাসিমুখে হাত মেলানো, কথা বলা, মানুষের সমস্যার কথা শোনা।
রাজভবনের উদ্যোগে ‘আমাদের গ্রাম, আমাদের রাজ্যপাল’ (Amader Gram Amader Rajyopal) প্রকল্পের অংশ হিসেবেই আয়োজন করা হয় ‘জলতরঙ্গ’ (Jaltaranga) কর্মসূচির। রিভার ট্র্যাফিক গার্ডের জেটি থেকে লঞ্চে যাত্রা শুরু করেন রাজ্যপাল। প্রথম গন্তব্য নাজিরগঞ্জ। সেখানে স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, তাঁদের পড়াশোনা ও এলাকার অবকাঠামো নিয়ে খোঁজখবর নেন। এরপর স্থানীয় মন্দিরে পুজো দিয়ে পৌঁছন হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আচমকাই একটি ছোট দোকানে বসে চপ ও ছোলা সেদ্ধ অর্ডার করেন। স্থানীয়দের সঙ্গে গল্পের ফাঁকে স্বভাবে-অভ্যাসে বাংলায় বলেন, 'দারুণ লাগল।'
এরপর লঞ্চ আসে সাঁকরাইলে। স্কুলে যাওয়ার পথে রাস্তায় জড়ো হওয়া মানুষ দেখে হঠাৎ নেমে পড়েন রাজ্যপাল। অনেকে জানান, এলাকার একটি জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় বহু পরিবার বিপাকে। তাঁদের অভিযোগ মন দিয়ে শোনেন তিনি। প্রায় ভগ্নদশা বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে আর্থিক অসুবিধার কথা জানালে রাজ্যপাল (Governor) সেখানে দাঁড়িয়েই সাহায্যের আশ্বাস দেন এবং ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন বলেও সূত্রের খবর। পরে সাঁকরাইল গার্লস হাইস্কুলে ভারতীয় জাদুঘরের ‘দ্য ওয়ান্ডার’ প্রদর্শনী উদ্বোধন করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পড়ুয়াদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
রাজ্যপালের নাচ, কীর্তনে যোগ দিয়ে করতালও বাজালেন আনন্দ বোস #cvanandabose #dancevideo #westbengal #viralreelsシ pic.twitter.com/fJO7IjJiMo
— The Wall (@TheWallTweets) November 21, 2025
দিনের শেষ পর্ব বজবজে (Budge Budge)। ফেরিঘাটে নামতেই রাসমেলার কোলাহল টানল রাজ্যপালকে (Governor)। সঙ্গে থাকা ছেলে-সহ দাঁড়িয়ে ফুচকা খেলেন, মানুষের সঙ্গে ছবি তুললেন, আলাপ জমালেন। সফরশেষে লঞ্চে ফেরার সময় শিল্পীরা কীর্তন পরিবেশন শুরু করলে রাজ্যপালও হাতে তুলে নেন খোল-করতাল। লঞ্চ ভরিয়ে ওঠে তালি, গান, হাসিতে - আরও একবার প্রমাণ মিলল, প্রটোকলের আড়াল ভেঙে মানুষের সঙ্গে নিজেই সম্পর্ক গড়তে চান তিনি।
পর্যবেক্ষকদের মতে, এই সফর শুধু প্রকল্প পরিদর্শন নয়—রাজ্যপালের জনসংযোগের এক নতুন অধ্যায়। দায়িত্বে তিন বছর পরও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই অগ্রাধিকার দিচ্ছেন আনন্দ বোস, এমনটাই মত স্থানীয়দের।