
শেষ আপডেট: 15 October 2023 21:16
দ্য ওয়াল ব্যুরো: প্রতিপদেই কলকাতার রাস্তায় মানুষের ঢল। পুজো পরিক্রমায় বেরিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন মণ্ডপে চলছে উদ্বোধন। এবার রাজ্যপাল বোসও পুজো পরিক্রমায় বেরিয়ে পড়লেন।
রবিবার অর্থাৎ আজ প্রতিপদ, আর প্রতিপদের বিকেলেই সাড়ে চারটে নাগাদ কলকাতার একাধিক প্যান্ডেলে ঘুরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে শুধু মণ্ডপেই নয়, রাজ্যপাল বোস গেলেন কুমোরটুলিতেও, কথা বললেন মৃৎশিল্পীদের সঙ্গে। সেই সময়ে কুমোরটুলিতে চলছে প্রতিমা পাঠানোর ব্যস্ততা। তার মধ্যেই রাজ্যপাল বোস সটান ঢুকে গেলেন কুমোরটুলির স্টুডিওর মধ্যে। তাঁর হাতে একটি লক্ষ্মী এবং গণেশের মূর্তি তুলে দেন এক মৃৎশিল্পী।
এদিন রাজ্যপাল পরিক্রমা শুরু করেন কলেজ স্কোয়ার দিয়ে, এরপরই কুমোরটুলি ঘুরে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে তিনি সোজা চলে যান মহম্মদ আলি পার্ক। সেখান থেকে তিনি হাজির হন দক্ষিণের অন্যতম নামী পুজো একডালিয়া এভারগ্রীনের মণ্ডপে। সেখানে আগামীকাল অর্থাৎ দ্বিতীয়ার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধন করার কথা। তার আগেই সেখানে হাজির রাজ্যপাল। ঘুরে দেখলেন মণ্ডপ, কথা বললেন পুজোর সম্পাদক স্বপন মহাপাত্রের সঙ্গে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে রাজ্যপালের সঙ্গে রাজ্যের নানা বিষয়েই সংঘাত সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে এগিয়ে আসার কথা শোনা গিয়েছিল রাজ্যপাল বোসের মুখে। তবে তারই মধ্যে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই একডালিয়ার মণ্ডপে উপস্থিত হওয়া নেহাতই ঠাকুর দেখার উদ্দেশ্যে নাকি এর পিছনে রয়েছে পুরনো রেষারেষির বিষয়টি সে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।