রাজ্যের অবশ্য অভিযোগ, কেন্দ্র বিভিন্ন খাতে বাংলার বকেয়া বরাদ্দ আটকে রাখে।

সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 21 June 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে (Heavy Rain) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে (Flood situation in South Bengal)। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-ঘাটাল, হুগলির আরামবাগ-গোঘাট এবং হাওড়া ও বাঁকুড়ার একাংশও প্লাবিত। পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষছেন বাসিন্দাদের একাংশ। যদিও বছর বছর বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন আন্তর্জাতিক যোগ দিবসে সকালে সল্টলেকে গিয়েছিলেন সুকান্ত। সেখানে যোগাসনের পর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর অভিযোগ, "সরকার চায় না তাই সমাধান হয় না। সরকার চায় প্রতি বছর বন্যা হোক! কেন্দ্রের ফান্ড আসুক, চুরি করতে সুবিধা হবে!"
রাজ্যের অবশ্য অভিযোগ, কেন্দ্র বিভিন্ন খাতে বাংলার বকেয়া বরাদ্দ আটকে রাখে। এ প্রসঙ্গে সুকান্তর পাল্টা ব্যাখ্যা, "টাকা দেবে আর টাকা চুরি করবে... এই যদি হয়! কই অন্য রাজ্য তো বলে না কেন্দ্র টাকা দিচ্ছে না!! আমাদের দেশে তো আরও বিরোধী রাজ্য রয়েছে অনেক।"
সামান্য বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরির জন্য রাজ্যের অব্যবস্থাকেও দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্তর কথায়, " এর জন্য একটা পলিসি থাকা দরকার। রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন, আগামী কুড়ি বছর পর কী হবে!! কী ভাবছে রাজ্য সরকার?এদের কোনও পলিসি আছে? কোন লক্ষ্য আছে? কোন চিন্তা ভাবনা নেই।"
শুক্রবারের গ্রেফতার প্রসঙ্গে সুকান্ত বলেন, "না এখনও পুলিশ কোনও কারণ জানতে পারিনি। তবে শুনেছি, ওনারা নাকি বলেছেন ১৫৫ ধারা। আমি নাকি রাস্তা অবরোধ করেছি!! আপনারা সবাই দেখেছেন আমি গাড়ির মধ্যে ছিলাম। পুলিশ আমার গাড়িকে অবরোধ করেছিল সামনে একটি গাড়িকে রেখে। আদালতেই এর বিচার চাইব।"
শুক্রবার সংবাদমাধ্যমে বিবৃতি দিতে গিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তহ্বা সিদ্দিকি বলেছেন, '২৬ সালের ভোটে ভয়ঙ্কর খেলা হবে'। এ প্রসঙ্গে তহ্বার উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "উনি ভয়ঙ্কর খেলা বলতে কোন সেন্সে বলছেন বুঝতে পারছি না। যদি ত্বহা সিদ্দিকী বলেন মুসলিমদের তরোয়াল নিয়ে নামতে হবে তাহলে হিন্দুদের বাঁচাতে বিজেপিকেও পথে নামতে হবে। যদি গণতান্ত্রিকভাবে লড়েন, তাহলে গণতান্ত্রিকভাবেই লড়াই হবে।"