
শেষ আপডেট: 8 January 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরেই খবর আসছিল পূর্ব বর্ধমানের দুই ব্লকে অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, আমূলের মিষ্টি দই থেকে সংক্রমণ ছড়িয়েছে। তার জেরেই পূর্ব বর্ধমানে নির্দিষ্ট ব্যাচের আমুল মিষ্টি দই নিষিদ্ধ করল জেলা প্রশাসন।
জানা গেছে, পূর্ব বর্ধমানের রায়না ও মেমারিতে দিন কয়েক আগেই প্রায় দেড়শ জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়েন। সকলের উপসর্গ প্রায় একই। পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা গেছে রোগীদের মধ্যে। কী থেকে একসঙ্গে এতজন এভাবে অসুস্থ হয়ে পড়লেন তা অনুসন্ধান করতে স্বাস্থ্য দফতরের থেকে বিশেষ মেডিক্যাল দল পাঠানো হয় জেলায়।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খাবারে বিষক্রিয়া থেকেই এহেন অসুস্থতার ঘটনা ঘটেছে। খাবারের সব নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। রিপোর্ট হাতে আসতেই জানা যায় দই জাতীয় কোনও খাবার থেকেই বিষক্রিয়া ঘটেছে। প্রাথমিক তদন্ত করে মেডিক্যাল টিম জানতে পারে রায়না ও মেমারিতে যেসব মানুষ অসুস্থ হয়েছেন তাঁরা সকলেই কোনও অনুষ্ঠানে খেতে গিয়েছিলেন। সেখানে আমুলের মিষ্টি দই খাওয়ানো হয়েছিল। সেই দইয়ের নমুনাতেই ব্যাক্টেরিয়ার সন্ধান মিলেছে। আর এই সব দইই একটি নির্দিষ্ট ব্যাচের!
জানা গেছে, বাঁকুড়ার 'ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেডে' কোম্পানিতে তৈরি হয়েছিল ওই আমূল মিষ্টি দই। তার ব্যাচ নম্বর কেপিভি৩৬৫৩। ল্যাবে পরীক্ষার পর ওই নির্দিষ্ট ব্যাচের দইতে 'স্ট্যাফিলোকক্কাস অরিয়াস' নামে একটি ব্যাক্টেরিয়ার হদিশ পাওয়া গেছে।
ওই ব্যাচের দই থেকেই অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তারপরই তড়িঘড়ি ওই ব্যাচের সমস্ত মিষ্টি দই নিষিদ্ধ করা হল। আমুলের সমস্ত ডিস্টিবিউটার, রিটেলার ও হোলসেলারদের বিষয়টি জানানো হয়েছে। আরও বলা হয়েছে, যদি এই নির্দেশ অমান্য করা হয় তবে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।