
শেষ আপডেট: 13 July 2022 05:58
দ্য ওয়াল ব্যুরো: মলদ্বীপ উড়ে যাওয়ার আগে ভারতে আশ্রয় চেয়েছিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপক্ষে (gotabaya rajapaksa)। আমেরিকার ভিসার জন্যও আবেদন করেছিলেন। দুটি দেশই সাড়া দেয়নি।
শ্রীলঙ্কার চলতি সংকটে নানাভাবে পাশে দাঁড়িয়েছে ভারত। দিন দুই আগে এমনও রটে যায়, ভারত সে দেশে সেনা পাঠাচ্ছে পরিস্থিতি ঠান্ডা করতে। সেই খবরে এতটাই উত্তেজনা, অস্থিরতা তৈরি হয় যে কলম্বোর ভারতীয় দূতাবাস প্রেস বিবৃতি দিয়ে ওই খবর খণ্ডন করে।
নয়াদিল্লি আপাতত শ্রীলঙ্কার আর্থিক সুস্থিতি ফেরাতে চাইছে। চাইছে গণবিক্ষোভ প্রশমন করতে। সে দেশের মুদ্রা ভাণ্ডার মজবুত করতে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি জ্বালানি তেল এবং রান্নার গ্যাস ভর্তি জাহাজ পাঠিয়েছে। আজই চারটি জাহাজ কলম্বো বন্দরে পৌঁছবে। সংসদের স্পিকারের কাছে গতকাল পদত্যাগপত্র পাঠানোর আগে গোটাবায়ে মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে শেষ যে নির্দেশটি জারি করেছেন, সেটি হল, জ্বালানি ভর্তি ভারতীয় জাহাজগুলি যেন দ্রুত খালাস করে পেট্রল, ডিজেল এমন এলপিজি সিলিন্ডার যত তাড়াতাড়ি সম্ভব দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়।
শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটাবায়ে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে ত্রিঙ্কমালিতে দেশের নৌ সেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন। ওই ঘাঁটি থেকে বিশ্বের নানা প্রান্তে যোগাযোগের সুবিধা রয়েছে। গত দুদিন তিনি সেখান থেকে অনেক দেশের সঙ্গে যোগাযোগ করেছেন।
জানা গিয়েছে, সেই উদ্যোগের অংশ হিসাবেই শ্রীলঙ্কার নৌসেনা ভারতীয় নৌ বাহিনীকে জানায় তাদের একটি বিমানে প্রেসিডেন্ট গোটাবায়ে চেন্নাইয়ে যেতে চান।
সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলে দ্বিতীয় প্রস্তাব পাঠায় দ্বীপরাষ্ট্রের নৌ সেনা। কলম্বোর একটি অসামরিক বিমানে গোটাবায়ে, তাঁর স্ত্রী এবং রক্ষীদের তুলে দেওয়া হবে। সেটি যান্ত্রিক ত্রুটির কথা বলে কোচি বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে নেমে যাবেন সস্ত্রীক প্রেসিডেন্ট। সরকারিভাবে তাঁদের কোনও দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে না।
এই প্রস্তাবেও সায় দেয়নি ভারত। গোটাবায়ের এবং তাঁর পরিবারের ভারতে প্রবেশের ভিসা নেই। তাছাড়া কূটনৈতিক বিতর্ক এড়াতেও ভারত এই প্রস্তাবে সায় দেয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রক এখনও পর্যন্ত এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
আজই প্রেসিডেন্টের পদত্যাগপত্র সংসদে পেশ করা হবে। গতকাল তিনি পদত্যাগপত্র স্পিকারের অফিসে পাঠিয়ে দিয়েছেন। ২০ জুলাই হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন।
প্রতিবেশী ভারতের কাছ থেকে সাড়া না পেয়ে অবশেষে গোটাবায়ে রাজাপক্ষে আজ খুব সকালে বিমানে সস্ত্রীক মলদ্বীপে চলে যান বলে সূত্রের খবর। এদিকে, এই খবরে আবার জল্পনা শুরু হয়েছে, গোটাবায়েকে কি মলদ্বীপ স্বেচ্ছায় আশ্রয় দিল, নাকি কোনও বৃহৎ শক্তিধর দেশ চাপ দিয়ে বাধ্য করল। কারণ, মলদ্বীপ নিজেই অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত।