
শেষ আপডেট: 20 January 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থাতে যেন কর্মী ছাঁটাই লেগেই আছে। এবার সেই তালিকায় যুক্ত হল গুগলও (Google Layoffs)। জানা গেছে, গোটা বিশ্বে গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের (Alphabet) ১২ হাজার কর্মী চাকরি খোয়াতে বসেছেন। অনেকেই বলছেন, এটা প্রযুক্তির ক্ষেত্রে বড় ধাক্কা।
বিশ্বজুড়ে একের পর এক কোম্পানি কর্মী ছাঁটাই করছে। মেটা থেকে মাইক্রোসফ্ট, অ্যামাজন থেকে জোম্যাটো, সুইগি--- সবক্ষেত্রেই বইছে একই ধারা। এই খবর এল যে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে। পরদিনই জানা গেল ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে আমাজন। আবার বুধবারই খবর এসেছে, মাইক্রোসফ্টও ১০ হাজার কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের সবার আগে এই ছাঁটাই শুরু করেছে টুইটার। শুক্রবারই খবর মিলেছিল সুইগি ৩৮০ জনকে ছাঁটাই করছে। সেই সংখ্যা বাড়তেই থাকছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Picha)। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে। তবে এই ছাঁটাইয়ের পরে গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ল, তা এখনও জানা যায়নি।
গুগল সিও নিশ্চিত করেছেন যে, ছাঁটাই হওয়া কর্মীদের যাতে কোনওরকম আর্থিক ক্ষতি না হয় সেদিকে নজর রাখবে কোম্পানি। ন্যূনতম দু'মাসের বেতন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও একটি ছাঁটাই প্যাকেজ দেওয়া হবে। চুক্তি অনুযায়ী বোনাস এবং স্বাস্থ্য সুবিধা থাকবে তাতে। সুন্দর পিচাই বলেছেন, 'কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আমার।'
অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৩ সালটা প্রযুক্তি ব্যবসায় ভাল যাবে না। বৃদ্ধিও তেমন হবে না। অর্থাৎ স্বল্পমেয়াদে যে ছবিটা দেখা যাচ্ছে, তা খুব একটা সুখকর নয়। ইতিমধ্যেই মার্কিন অর্থনীতি মন্দার গ্রাসে চলে গিয়েছে। চিনের অর্থনৈতিক বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। ওদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামারও নাম নেই। এই অবস্থায় বাকি উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি মন্দার গ্রাসে চলে যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
ছাঁটাই-ঝড় সুইগিতেও, ৩৮০ কর্মী কাজ হারালেন! সিইও বললেন, ‘খুব কঠিন সিদ্ধান্ত’