
শেষ আপডেট: 9 January 2023 10:31
দ্য ওয়াল ব্যুরো: চকলেটের গুঁড়ো এত চকচক করছে কেন? সন্দেহ হতেই খতিয়ে দেখেন নিরাপত্তা কর্মীরা। আর তাতেই জারিজুরি খতম যাত্রীর। অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সোনা পুরোটাই বাজেয়াপ্ত করল (gold seized ) রাজস্ব বিভাগের (Customs department) আধিকারিকরা।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দর থেকে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে শনিবার দুবাই থেকে বিমানবন্দরে নামেন এক যাত্রী। নিরাপত্তা সংক্রান্ত তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে তিনটি গুঁড়ো চকলেটের কৌটো পাওয়া যায়। সেই কৌটোগুলি খুলে দেখার পর সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। দেখা যায়, সোনার মতো চকচক করছে চকলেটের গুঁড়ো। ভাল করে খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। জানা যায়, চকলেটের গুঁড়োর মধ্যেই সোনা গুঁড়ো করে মিশিয়ে (Gold Mixed With Chocolate Powder) তা পাচার করার চেষ্টায় ছিলেন ওই যাত্রী।
রাজস্ব দফতরের আধিকারিকরা জানিয়েছেন, গুঁড়ো সোনার মোট ওজন ২১১ গ্রাম। এছাড়াও ওই যাত্রীর চেক-ইন লাগেজ থেকে আরও ১৭৫ গ্রাম ওজনের সোনার চেন পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা। বাজেয়াপ্ত হওয়া সোনার মোট মূল্য ২১ লক্ষ ৫৫ হাজার টাকা।
বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। পাচারের উদ্দেশ্যেই এভাবে অভিনব পদ্ধতিতে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।