দ্য ওয়াল ব্যুরো: আরও এক মাইলফলক ছুঁয়ে ফেললেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানী। ২০২০ ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’ (Hurun Global Rich List)-এর তালিকায় ফের উপরে উঠে এলেন রিল্যায়ান্স-কর্ণধার। বিশ্বের কোটিপতিদের তালিকায় তাঁর স্থান দশ নম্বরে, কিন্তু এশিয়ায় তাঁকে টেক্কা দিতে পারেননি কেউ। ২০১৯ সালে ফোর্বস প্রকাশিত ভারতীয় ধনীদের তালিকাতেও টেক টাইকুন আজিম প্রেমজি, গৌতম আদানিদের পিছনে ফেলে সেরার দৌড়ে এগিয়ে গিয়েছিলেন মুকেশ। এবছর হুরুন বিশ্ব কোটিপতিদের তালিকায় দেখা গেল এশিয়া তো বটেই, ভারতের সেরার স্থানও ধরে রেখেছেন মুকেশ আম্বানী।
ছয় হাজার কোটি ডলারের সম্পত্তি নিয়ে মুকেশ আম্বানী এখন এশিয়ার ধনীতম ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪৭,৯৮,২০,৫০,০০,০০০ টাকা। হুরুন বিশ্ব কোটিপতিদের তালিকায় সেরার স্থান ধরে রেখেছেন অ্যামাজন-কর্ণধার জেফ বেজোস। ২০১০ সালে বিশ্বের ৪৩-তম ধনী শিল্পপতি ছিলেন জেফ। সেই অবস্থান আমূল বদলে গিয়েছে গত এক দশকে। দ্বিতীয়ে আছেন, ফরাসি বিলাসপণ্য নির্মাতা সংস্থা এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড অ্যারনল্ট। মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস দশ বছর আগে ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। মোট সম্পত্তির পরিমাণ ছিল পাঁচ হাজার তিনশো কোটি ডলার। হুরুনের তালিকায় এখন তাঁর স্থান তিন নম্বরে। সম্পত্তির নিরিখে বিল গেটসের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন ওয়ারেন বাফ। এখন তিনি বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি।
বিশ্বের কোটিপতিদের সংখ্যার নিরিখে বরাবরই প্রথম জায়গা ধরে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। এবছর এগিয়ে এসেছে ভারত, জার্মানি ও ব্রিটেনও। কম করেও ১০০ জন কোটিপতির তালিকায় নাম লিখিয়ে ফেলেছে ভারত। চিনেও উঠে এসেছে ১৮২টি নতুন মুখ, মার্কিন মুলুকে আরও ৫৯ জন কোটিপতি তালিকাভুক্ত হয়ে গেছেন।
ভারতীয় অর্থনীতির জন্য ভীষণই চ্যালেঞ্জিং বছর ছিল ২০১৯। অথচ ওই বছরেই বিপুল মুনাফা করে মুকেশের রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাতে ভর করেই এ বার বিশ্বের তাবড় কোটিপতিদের তালিকায় উপরে উঠে এলেন মুকেশ আম্বানী। তেল উত্তোলন থেকে টেলিকম, শিল্প-ব্যবসায় বহুমুখী মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ অবশ্য গত বছরই হয়ে উঠেছিল দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা। ওই সময়েই রিলায়্যান্সের বাজার মূলধনের পরিমাণ পৌঁছেছিল ৯ লক্ষ কোটি টাকায়। শেয়ার বাজারে বিপুল লাভের ফলেই মুকেশ আম্বানীর সম্পত্তি একলাফে এতটা বেড়ে গিয়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।আলিবাবা কর্ণধার জ্যাক মা-কে ছাপিয়ে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি।