দ্য ওয়াল ব্যুরো : যতদূর ভাবা গিয়েছিল, তার থেকেও বিপজ্জনক করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট। ভারতে অতিমহামারীর দ্বিতীয় ওয়েভের জন্য কোভিডের ওই স্ট্রেনকেই দায়ী করা হচ্ছে। চিকিৎসকদের ধারণা, ওই স্ট্রেন রোগীর শ্রবণশক্তি এবং হজমশক্তির ক্ষতি করতে পারে। এমনকি ওই স্ট্রেনের জন্য শরীরের কোনও কোনও অংশে রক্ত জমাট বেঁধে গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিজ্ঞানীরা মনে করছেন, ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে রোগীকে আগেই হাসপাতালে দেওয়া উচিত।
গত ছ'মাসে ৬০ টি দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট। ওই স্ট্রেনের ভয়ে বিদেশিদের আসার ব্যাপারে কড়াকড়ি করেছে অস্ট্রেলিয়া ও আমেরিকা। ব্রিটেনও ভেবে দেখছে, এই পরিস্থিতিতে আনলক করা ঠিক হবে কিনা। চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আবদুল গফুর বলেন, করোনার প্রথম ওয়েভের তুলনায় দ্বিতীয় ওয়েভে বেশি লোক ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছেন। এর পিছনে ডেল্টা ভাইরাসের ভূমিকা আছে কিনা দেখতে হবে। পরে তিনি বলেন, গত বছর আমরা করোনাভাইরাসের চরিত্র নিয়ে গবেষণা করেছিলাম। কিন্তু এবছর দেখা যাচ্ছে, তার চরিত্র বদলে গিয়েছে।
ভারতে করোনা রোগীদের চিকিৎসা করছেন এমন পাঁচজন ডাক্তার বলেছেন, অতিমহামারীর কবলে পড়লে অনেকে পেটে ব্যথা, বমি, খিদে কমে যাওয়া, শ্রবণশক্তির হ্রাস ও গাঁটে ব্যথার মতো উপসর্গের শিকার হচ্ছেন। কোনও কোনও রোগীর দেহে 'মাইক্রো থ্রমবি' নামে এক রকমের উপসর্গ দেখা গিয়েছে। এর ফলে তাঁদের শরীরের নানা জায়গায় ছোট ছোট ব্লাড ক্লট দেখা যাচ্ছে। এর ফলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটের একটি গবেষণায় বলা হয়েছে, কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টকে কাবু করতে হলে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যেকার দূরত্ব আরও কমাতে হবে। তবে এই দাবি শুধুমাত্র ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিতান্তই কম, জানিয়েছে ল্যানসেট।
বলা হয়েছে, ফাইজার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পর মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা যত সময় এগোয় কমতে থাকে। পরবর্তী ডোজ নেওয়ার সময় আসতে আসতে অ্যান্টিবডির পরিমাণ একেবারেই কমে যায়। তাই কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে কম ব্যবধানে ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হবে, জানিয়েছে ল্যানসেট। বিশেষত যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কম, দ্রুত ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলতে হবে তাঁদের।