গান্ধীজির স্বাধীনতা সংগ্রাম নাটক ছিল, মন্তব্য বিজেপি নেতা অনন্ত হেগড়ের
দ্য ওয়াল ব্যুরো: মোহনদাস করমচাঁদ গান্ধীর স্বাধীনতা আন্দোলনকে ‘মহানাটক’ বলে তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। বেঙ্গালুরুর জনসভায় তিনি বলেছেন, “তথাকথিত নেতাদের স্বাধীনতা সংগ্রামের যে সব কথা বলা হয় তা আস
শেষ আপডেট: 3 February 2020 08:25
দ্য ওয়াল ব্যুরো: মোহনদাস করমচাঁদ গান্ধীর স্বাধীনতা আন্দোলনকে ‘মহানাটক’ বলে তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। বেঙ্গালুরুর জনসভায় তিনি বলেছেন, “তথাকথিত নেতাদের স্বাধীনতা সংগ্রামের যে সব কথা বলা হয় তা আসলে ভুয়ো। মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রাম আসলে মহানাটক।”
এখানেই থামেননি কর্ণাটকের এই সাংসদ। তিনি বলেন, “ব্রিটিশদের সম্মতি নিয়েই তাঁরা আন্দোলন করেছিলেন। তাঁদের অনুমতি নিয়েই মঞ্চ বেঁধেছিলেন। ওটা সত্যি কোনও লড়াই ছিল না। ব্রিটিশের সঙ্গে আপোস করে আন্দোলনের নাটক হয়েছিল।”
দীর্ঘ বক্তৃতার একটা বড় অংশে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নিজের মতো ব্যাখ্যা করেন এই বিজেপি নেতা। ব্রিটিশরা কেন ভারত ছাড়ল তা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে। তাঁর কথায়, “ব্রিটিশরা মোটেও ভারত ছেড়ে যেতে বাধ্য হয়নি। হতাশায় চলে গিয়েছিল।”
গত শনিবার বেঙ্গালুরুর একটি দলীয় সভায় একথা বলেন দক্ষিণ কন্নড় কেন্দ্রের সাংসদ। তাঁর এই বক্তৃতার ক্লিপিং সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করে। তারপর সমালোচনার মুখেও নিজের বক্তব্যে অনড় এই বিজেপি নেতা। সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি যা বলেছি সেটাই ভারতের আসল ইতিহাস। কংগ্রেস নিজেদের মহান প্রমাণ করতে এই সব বানানো ইতিহাস পড়িয়ে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু দেশের মানুষের সত্যটা জানা উচিত।”
কয়েক মাস আগেই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন ভোপালের বিজেপি সাংসদ তথা হিন্দুত্ববাদী নেত্রী প্রজ্ঞা ঠাকুর। সংসদে দাঁড়িয়েই বলেছিলেন, “গডসের নামে কোনও খারাপ কথা বলবেন না। উনি একজন দেশপ্রেমী ছিলেন।” সংসদের ভিতরে দাঁড়িয়ে প্রজ্ঞার ওই বক্তৃতা নিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিল বিজেপিও। প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটি থেকে তড়িঘড়ি তাঁর নাম বাদ দেয় সরকার। চাপে পড়ে ক্ষমাও চাইতে হয় মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত প্রজ্ঞাকে। অনেকের মতে, এমনিতে আবোলতাবোল কথা বলায় বিজেপি নেতাদের জুরি মেলা ভার। এবার বিপ্লব দেব, গিরিরাজ সিং, কৈলাস বিজয়বর্গীয়দের তালিকায় নিজের নাম তুলে দিলেন অনন্ত কুমার হেগড়েও।