জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলছে সিইও দফতর। প্রতিদিন চার থেকে পাঁচ জনের এক একটি দল দায়িত্বে থাকবে।

শেষ আপডেট: 27 December 2025 14:47
রাজ্যার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল মাস খানেক আগে। কেন্দ্রীয় নির্বাচন (Centre) কমিশনের তরফে কলকাতায় সিইও-র (Kolkata CEO) দফতরকে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শনিবার থেকেই দফতরের দায়িত্ব নিল সেন্ট্রাল ফোর্স। এত দিন সিইও-র দফতরের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের কাঁধে।
জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলছে সিইও দফতর। প্রতিদিন চার থেকে পাঁচ জনের এক একটি দল দায়িত্বে থাকবে। সব মিলিয়ে সম্ভবত এক সেকশন বাহিনী মোতায়েন থাকবে। মূলত সিআইএসএফ এর জওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করবেন।
ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জওয়ান থাকেন। ১ থেকে ২ জন কম্যান্ডো।
মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠায় কমিশন।
বুধবার (১৮ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়, এসআইআর (SIR) চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের সিইও দফতরের (CEO Office) সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে ঘিরে ফেলার ঘটনায় দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে।
চিঠিতে কার্যত আশঙ্কা প্রকাশ করে কমিশন জানায়, এসআইআর-এর (SIR) সংবেদনশীলতা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 WB Assembly Election) প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নির্বাচন কমিশন আরও উল্লেখ করে, বর্তমানে সিইও দফতরটি (WB CEO Office) কলকাতার নেতাজি সুভাষ রোডে বামার লরি ভবনের ভাড়া নেওয়া জায়গায় রয়েছে। নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে দফতরটি খুব শীঘ্রই বিবাদী বাগ এলাকার স্ট্র্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন- উভয় দফতরেই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানায় নির্বাচন কমিশন (ECI)।
অন্যদিকে, নির্বাচন কমিশনের অবজার্ভারদের (SIR West Bengal) নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্যবস্থা করা হোক, এই মর্মে কমিশনকে (Election Commission) চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান (C Murugan)। অনুমান, সেই অনুরোধে সায় দিয়েই চিঠি পাঠায় কমিশন।
প্রসঙ্গত, ক'দিন আগে সি মুরুগান দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এসআইআর প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। স্থানীয় তৃণমূল সমর্থক (TMC) মহিলাদের নেতৃত্বে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো হয়।
এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও।