কমিশনের ওয়েবসাইটে 'দাগি'দের নাম (Tainted List), রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে। যেখানে শাসকঘনিষ্ঠ (Close To TMC) বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে।

এসএসসি ভবন
শেষ আপডেট: 30 August 2025 22:12
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত আটটা নাগাদ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই 'দাগি' ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Tainted List)। কমিশনের ওয়েবসাইটে 'দাগি'দের নাম (Tainted List), রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে। যেখানে শাসকঘনিষ্ঠ (Close To TMC) বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তাঁরা 'দাগি অযোগ্য' চাকরিপ্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও।
সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা ছিলেন কুহেলি ঘোষ (Tainted Candidate Kuheli Ghosh)। কিন্তু তাঁর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে 'দাগি'দের তালিকায়।
কুহেলির কথা যখন সামনে এসেছিল, তখন চৌহাটি হাইস্কুল কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের ২৮ জানুয়ারি স্কুলে যোগ দেন তিনি। এসএসসি-র সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পরীক্ষা করেই তাঁকে যোগদান করানো হয়। তারপর সেই সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের অফিসে।
এদিন তালিকা প্রকাশ পেতেই দেখা গিয়েছে কুহেলির মতোই বেশ কয়েকজন প্রভাবশালীর নাম রয়েছে তালিকায়। যাঁরা 'দাগি অযোগ্য' হিসেবে চিহ্নিত।
বস্তুত, প্রথমে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। এই অঘটন ঘিরেই কমিশনের দফতরে তৈরি হয় নাটকীয় পরিবেশ।
ঠিক সেই সময়েই কমিশনে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumder)। তিনি দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের (SSC Recruitment) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।
তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চায় সুপ্রিম কোর্ট।