২০২১-র বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টির মধ্যে পাঁচটি আসনেই জয় পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে চিত্র কিছুটা পালটে যায়। এই জেলায় ছয়টি বিধানসভার মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। আর সেই জায়গাটাই এখন চিন্তার।

ফাইল ছবি।
শেষ আপডেট: 26 August 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ‘সুকান্ত গড়’ (Former BJP state president Sukanta Majumdar) দখলের লক্ষ্যে কোমর বেঁধে নামছে তৃণমূল (TMC)। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরে ছয়টি বিধানসভা আসনেই জয় চাই— এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
লক্ষ্য একটাই: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ঘর ভেঙে ছয়ে ছয়। আর তা করতে হবে পুরোদস্তুর পর্যালোচনার ভিত্তিতে।
তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি জেলার নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক জানিয়ে দিয়েছেন, "যেখানে পিছিয়ে পড়েছি, সেখানে ভুল শুধরে এগোতে হবে। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা— সবকিছুর খতিয়ান তৈরি করেই এগোতে হবে মাঠে। এবার কোনও জায়গায় ফাঁক রাখা যাবে না।"
২০২১-র বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টির মধ্যে পাঁচটি আসনেই জয় পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে চিত্র কিছুটা পালটে যায়। এই জেলায় ছয়টি বিধানসভার মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। আর সেই জায়গাটাই এখন চিন্তার।
জেলার হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “৬টা আসনই এবার জিততেই হবে। লোকসভায় পিছিয়েছিলাম, এবার ঘুরে দাঁড়ানোর সময়। এর আগে পাঁচটা জিতেছিলাম, খুব অল্প ভোটে একটাতে হেরেছিলাম। এবার আর ফাঁকি দেওয়া যাবে না।”
অন্যদিকে, বিজেপিও পাল্টা জবাব দিতে ছাড়ছে না। দলের জেলা নেতাদের কটাক্ষ, “এরা তো হেলে ধরতেই পারে না, এখন আবার কেউটে ধরার চেষ্টা করছে! দেখে নিই না কী করে ধরে!”
রাজনৈতিক মহলের মতে, ছোট জেলা হলেও দক্ষিণ দিনাজপুরের গুরুত্ব সাংঘাতিক। কারণ এখান থেকেই উঠে এসেছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফলে এই জেলা তৃণমূলের কাছে শুধু ভোটের লড়াই নয়, হয়ে উঠেছে মর্যাদার লড়াই। আর সেই লড়াইয়ে ছয়ে ছয় করতে পারলে বিজেপিকে বড় ধাক্কা দিতে পারবে ঘাসফুল শিবির, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।