
শেষ আপডেট: 25 April 2023 19:06
দ্য ওয়াল ব্যুরো: ভোটে দাঁড়িয়ে বিপুল মার্জিনে জিতেছিলেন। হয়েছিলেন বিধায়কও (MLA)। কিন্তু স্কুল পাশ এতদিন করতে পারেননি। অবশেষে ২০২৩ সালে এসে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেন উত্তরপ্রদেশের বরেলির (Bareilly) প্রাক্তন বিজেপি (BJP) বিধায়ক রাজেশ মিশ্র (Rajesh Mishra)। যাঁকে এলাকার সবাই চেনে পাপ্পু ভারতোল নামে। ৫৫ বছর বয়সে শেষমেশ তিনি স্কুলের গণ্ডি পেরোলেন।
মঙ্গলবার উত্তরপ্রদেশে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এবছরই পরীক্ষায় বসেছিলেন রাজেশ মিশ্র। আর এতবছর বয়সে এসেও অন্যান্য কাজের চাপ সামলে পরীক্ষা দিয়ে সসম্মানে উত্তীর্ণ হলেন তিনি। এদিন ফলপ্রকাশের স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, "পরীক্ষার ফলাফলে আমি দারুণ খুশি। তবে তিনটি বিষয়ের নম্বরে খুশি নই। রিভিউ করতে দেব।"
এদিকে প্রাক্তন বিধায়কের অনুগামীরা এই সাফল্যের পরই আনন্দে রাস্তায় নেমে পড়েন। এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি বিতরণও করেছেন তাঁরা। যেভাবে নিজের চেষ্টায় এই প্রাক্তন বিধায়ক স্কুল পাশ করলেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মত সমর্থকদের। একজন বলেন, "এই বয়সে এসে সবাই আরামে দিন কাটাতে চান। কিন্তু আমাদের দাদা কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করেছেন। পড়াশোনার যে কোনও বয়স হয় না, সেই বার্তাই তিনি সমাজকে দিলেন।"
৯৬ বছরে প্রয়াত প্রকাশ সিং বাদল, দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের