দ্য ওয়াল ব্যুরো : নিজের দোষে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে আটকে পড়েছিলেন এক ভারতীয় তরুণী। আর কোনও উপায় না পেয়ে তিনি টুইট করে সাহায্য চান খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। তাঁর অনুরোধে সাড়া দিয়ে সুষমা সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু তাতেও মন ওঠেনি সেই তরুণীর। অধৈর্য হয়ে কড়া মন্তব্য করে বসেন। সুষমা সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন খুব ধৈর্যের সঙ্গে, মোলায়েম সুরে। কিন্তু বিরক্ত হয়েছেন আর এক টুইটার ব্যবহারকারী। তিনি লিখেছেন, বিদেশমন্ত্রীর সম্পর্কে কি অমন কঠোর ভাষা প্রয়োগ করা উচিত? তার জবাবে রসিকতার সুরে সুষমা বলেছেন, বিদেশমন্ত্রীর এখন কড়া কথা সয়ে গিয়েছে।
কিছুদিন আগে লখনৌয়ের পাসপোর্ট সেবা কেন্দ্রে জনৈক অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ভিন্ন ধর্মে বিবাহ করার জন্য এক মহিলাকে হেনস্তা করেছেন। সেকথা জানতে পেরে সুষমা ওই মহিলাকে পাসপোর্ট পেতে সাহায্য করেন। অভিযুক্ত অফিসারকে বদলি করে দেন। তার পরে সোশ্যাল মিডিয়ায় সুষমার বিরুদ্ধে কটূক্তির ঝড় বইতে থাকে। সুষমা সাম্প্রতিক টুইটে পরোক্ষে ওই ঘটনাটির উল্লেখ করেছেন।
বালি বিমানবন্দরে যে তরুণী আটকে পড়েছিলেন, তিনি ভুল করে পাসপোর্টটি বিমানে ফেলে নেমে পড়েন। বিমানবন্দরের অফিসাররা তাঁকে আর বাইরে বেরোতে দেননি। সেই অবস্থায় তিনি সুষমার উদ্দেশে টুইট করেন, আমাকে সাহায্য করুন।
সুষমা ভারতীয় দূতাবাসকে নির্দেশ দেন যাতে ওই তরুণী বিমানবন্দরের বাইরে বেরোতে পারেন। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে তরুণী পরে আবার টুইট করেন, সুষমাজি, আমি ২৪ ঘন্টা বিমান বন্দরে বসে আছি। আপনি কী সাহায্য করছেন বুঝতে পারছি না।
সুষমা জবাবে লেখেন, বেটি, আমি বুঝতে পারছি তুমি খুব রেগে গিয়েছ। আমাদের কনসাল জেনারেল চেষ্টা করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে পর্যন্ত কথা বলা হয়েছে।
ওপর এক টুইটার ব্যবহারকারী যখন ওই তরুণীর ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন, তখন সুষমা মন্তব্য করেন, আপনি রাগ করবেন না। বিদেশমন্ত্রীর আজকাল কড়া কথা শোনা অভ্যাস হয়ে গিয়েছে।