আগামী ২৭ জানুয়ারি থেকে তাঁর এই রাজ্য সফর শুরু হবে। দলের সংগঠন মজবুত করা এবং কর্মীদের (BJP Workers) সঙ্গে সরাসরি যোগাযোগই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

নিতিন নবীন
শেষ আপডেট: 24 January 2026 15:22
বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরে বেছে নেওয়া হল ভোটমুখি পশ্চিমবঙ্গকে। নিতিন নবীন (Nitin Nabin) দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারি থেকে তাঁর এই রাজ্য সফর শুরু হবে। দলের সংগঠন মজবুত করা এবং কর্মীদের (BJP Workers) সঙ্গে সরাসরি যোগাযোগই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
নবীনের দু'দিনের সূচি
সূচি অনুযায়ী, ২৭ জানুয়ারি বিকেল চারটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছনোর কথা নিতিন নবীনের। সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আয়োজিত ‘কমল মেলা’-য় উপস্থিত থাকার কথা তাঁর। ওই দিন রাতেই দুর্গাপুরের একটি হোটেলে বিজেপির রাজ্য কোর টিমের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরের দিন, অর্থাৎ ২৮ জানুয়ারি সকাল ন’টা নাগাদ দুর্গাপুরের ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিতে যাবেন নিতিন। তারপর সকাল সাড়ে দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত দুর্গাপুর পূর্বের চিত্রালয় মেলা ময়দানে বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সভায় বর্ধমান বিভাগের বিভিন্ন জেলার বিজেপি কর্মী ও নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিনিময় হওয়ার কথা।
দুপুরের পর আসানসোল সাংগঠনিক জেলায় যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুর আড়াইটা থেকে পৌনে চারটে পর্যন্ত রানিগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তা বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয় স্তরের সংগঠন, কর্মসূচি ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রের খবর।
সফর কেন গুরুত্বপূর্ণ
দু’দিনের এই সফরের শেষে ২৮ জানুয়ারিই অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা নিতিন নবীনের। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনকে চাঙ্গা করা এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা আরও জোরালো করতেই সর্বভারতীয় সভাপতির এই ব্যস্ত সফরসূচি।
জাতীয় সভাপতি পদে বসেই সংগঠনে গতি আনতে তৎপর বিজেপি (BJP News)। দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সাংগঠনিক বৈঠকেই পশ্চিমবঙ্গকে (West Bengal) সামনে রেখে নির্বাচনী রণকৌশলের রূপরেখা তৈরি করেন নবনিযুক্ত বিজেপি সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। রাজ্যের শীর্ষ নেতৃত্ব ও নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নিয়ে এই বৈঠকে মূলত তৃণমূল সরকারের গত পনেরো বছরের শাসনকালকে নিশানা করে বিধানসভা ভোটের (Assembly Election) প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।