দ্য ওয়াল ব্যুরো : বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মদক্ষতা বাড়ানোর জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যাঙ্কগুলিকে তিনি প্রধানত দু’টি পরামর্শ দিয়েছেন। প্রথমত, কেউ আগে ঋণ নিয়ে শোধ করেছে বলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, ব্র্যাঞ্চ স্তরে আমানতকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরে জোর দিন।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মীদের এক সভায় এদিন অর্থমন্ত্রী ভাষণ দেন। প্রথমেই বলেন, “আমি এখন যা বলব, আপনাদের শুনতে ভাল লাগবে না।” পরে তিনি বলেন, “আগে বিভিন্ন ব্যাঙ্কের শাখাগুলি যেভাবে আমানতকারীদের সঙ্গে যোগযোগ রেখে চলত, এখন আর তা করে না। ব্র্যাঞ্চ স্তরে গ্রাহকরা আপনাদের থেকে একটু ভাল ব্যবহার আশা করে।”
ব্যাঙ্কের ঋণ দেওয়া সম্পর্কে তিনি বলেন, “ক্রেডিট রেটিং এজেন্সি কারও সম্পর্কে কিছু বললেই তা অন্ধভাবে মেনে নেবেন না। এজেন্সির বক্তব্য নিশ্চয় বিবেচনা করবেন, কিন্তু ঋণ দেওয়ার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন আপনারাই।”
পরে তিনি বলেন, “আপনারা চান, ব্যাঙ্কের কাজে আরও বেশি করে প্রযুক্তির ব্যবহার হোক। অনেক সময় আপনারা ক্রেডিট রেটিং এজেন্সির কথা অন্ধভাবে বিশ্বাস করে বসেন। আগে যেমন গ্রাহকের সঙ্গে ব্যক্তিগত যোগযোগ ছিল, এখন তা নেই। আপনারা সম্ভবত রেটিং এজেন্সির কথায় গ্রাহক সম্পর্কে ভুল ধারণা করেন। কখনও গ্রাহক সম্পর্কে অকারণে খারাপ ধারণা করে বসেন। কখনও উল্টোটা ঘটে।”
এই প্রসঙ্গে তিনি বলেন, “রিজার্ভ ব্যাঙ্ক বা সরকার আপনাদের বলেনি যে, ক্রেডিট রেটিং সংস্থার কথায় অন্ধভাবে বিশ্বাস করুন। ক্রেডিট রেটিং সংস্থার থেকে তথ্য নিতে হবে ঠিকই, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও রাখতে হবে। তবেই সঠিক সিদ্ধান্তে আসা যাবে।”
ব্যাঙ্কের এক্সিকিউটিভদের নির্মলা পরামর্শ দেন, “বিভিন্ন ব্র্যাঞ্চে ব্যাঙ্কের কর্মীদের কথা শুনুন। তাঁদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করে তুলুন।”