তাঁর নানা মন্তব্যকে কার্যত তুলোধনা করে ফিরহাদ বলেন, কখনও বলছে কেঁটে গঙ্গায় ফেলে দেব, কখনও বলছে বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব? আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না।
.jpeg.webp)
ফিরহাদ হাকিম এবং হুমায়ুন কবীর
শেষ আপডেট: 4 December 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বাবরি মসজিদ (Babri Masjid) তৈরির কথা বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ৬ তারিখ তারই শিলান্যাস করতেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার হুমায়ুনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁকে দল থেকে সাসপেন্ড (Suspend) করার কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর স্পষ্ট বার্তা - রাজ্য অশান্তি ছড়ানোর চেষ্টা করলে বাধা দেওয়া হবে।
হুমায়ুনের মন্তব্য এবং তাঁর আচরণের জন্য বিজেপিকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপির (BJP) হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন হুমায়ুন। দলবিরোধী কার্যকলাপ রয়েছে তাঁর। এর আগেও ২০১৯-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাঁর কটাক্ষ, বিজেপির হাতে তামাক খাচ্ছেন তিনি।
তাঁর নানা মন্তব্যকে কার্যত তুলোধনা করে ফিরহাদ বলেন, কখনও বলছে কেঁটে গঙ্গায় ফেলে দেব, কখনও বলছে বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব? আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না।তাঁর সংযোজন, বিজেপির কথাতেই এই ভাগাভাগির রাজনীতি হচ্ছে। যখন তাঁরা দেখছে ইডি-সিবিআই করে কিছু হচ্ছে না, এসআইআর করেও দমানো যাচ্ছে না, মানুষ তৃণমূলকেই সমর্থন করছে, তখন প্রত্যেকে নির্বাচনের আগের মতো কয়েকজন নেতাদের ধরে এই রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এবার হুমায়ুনকে ধরেছে বিজেপি।
কেন বাবরি মসজিদ তৈরির কথা তিনি বলতে গেলেন, সে নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ। বলেন, উনি তো বাবা বা মায়ের নামেও মসজিদ করতে পারতেন। কেউ ধর্মস্থান তৈরি করতেই পারেন, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু তার মধ্যে উস্কানি থাকবে না।
গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভরতপুরের তৃণমূল বিধায়ক। কখনও প্রকাশ্যে তোপ দেগে দলকে বিড়ম্বনায় ফেলেছেন, কখনও জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এমনকী নতুন দল গঠনের কথাও ঘোষণা করেছিলেন হুমায়ুন। আজ সাসপেন্ড হয়ে সেই কথাই ফের তাঁর মুখে শোনা যায়।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee, Meeting) বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র গেছিল হুমায়ুন কবীরের হাতে। তিনি জানিয়েছিলেন, এই সভায় যাবেন। এদিন সকালে সেখানে পৌঁছেওছিলেন। কিন্তু সাস্পেনশনের খবর শুনে বেরিয়ে যান। তবে যাওয়ার আগে কার্যত হুঙ্কার দেন তিনি।
হুমায়ুন জানিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের দলের (Own Party) ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই তাঁর হুঙ্কার - তৃণমূল, বিজেপি সবার বিরুদ্ধে লড়ব, ১৩৫টি আসনে প্রার্থী দেব। কে কী করতে পারে দেখে নেব। একই জানান, ২০১৫ সালেও তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল দল। কোনও নোটিশ ছাড়াই। এবারও একই ঘটনা ঘটানো হয়েছে।