Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মৌলবাদী কথা বলতে চাইনি, আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে', দলকে কী জানালেন ফিরহাদ

ফিরহাদ থার্টি নামে ববি হাকিমের উদ্যোগে একটি প্রতিষ্ঠান রয়েছে। যাঁরা সংখ্যালঘুদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহ দেয়। পুরমন্ত্রীর বক্তব্য, ওই মঞ্চে দাঁড়িয়ে সংখ্যালঘুদের অনগ্রসরতা কাটানোর কথাই বোঝাতে চেয়েছি।  

'মৌলবাদী কথা বলতে চাইনি, আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে', দলকে কী জানালেন ফিরহাদ

মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 16 December 2024 16:13

রফিকুল জামাদার

কথায় বলে শব্দই ব্রহ্ম! রাজনীতিতে শব্দ শুধু ব্রহ্ম নয়, ব্রহ্মাস্ত্রও। অবিবেচকের মতো কোনও কথা বললে, তাতেই উথালপাথাল পড়ে যেতে পারে। 

শনিবার এক অনুষ্ঠানে কলকাতার মহানাগরিক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু গোটা ভারতে মাত্র ১৭ শতাংশ। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু (Muslim Minority) মনে করি না। এক দিন আমরাই সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু (Majority) হব।”

প্রশাসনিক পদে বসে এ ধরনের মৌলবাদী কথা বলা যায় না। সংবিধানের শর্তও তাই। সে কারণে ফিরহাদ হাকিমের কথা নিয়ে শুধু বিজেপি বা বিরোধীরা রে রে করে ওঠেনি, তৃণমূলের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়! একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে, তা নিয়ে বাংলায় বিজেপি আবার হিন্দু আবেগে শান দিচ্ছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের নির্মাণ দেখভাল করছেন, তখন ববির কথা অনেকটাই তাতে জল ঢেলেছে বলে মত তৃণমূলের অনেকেরই। কেউ কেউ সাত সতেরো জল্পনাতেও মজে গিয়ে ষড়যন্ত্র, ব্ল্যাকমেল ইত্যাদির রহস্য সন্ধান করতে নেমে পড়েছেন। চুম্বকে, বিড়ম্বনায় তৃণমূল। 

এহেন পরিস্থিতিতে সোমবার কলকাতার মহা নাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে দ্য ওয়াল। তবে ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, শনিবারের মন্তব্য নিয়ে তিনি কোনও কথা বলবেন না। সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেবেন না। 

সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ না খুললেও এ ব্যাপারে দলের মধ্যে এক প্রকার কৈফিয়ত ববি হাকিম দিয়েছেন বলেই খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম দলকে জানিয়েছেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার কথা সরল পাটিগণিতের অর্থে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, সংখ্যালঘু মুসলমানদের আর্থ সামাজিক অনগ্রসরতার একটা বড় কারণ তথা প্রতিবন্ধকতা হল শিক্ষা। সে কারণেই সামাজিক মর্যাদার ক্ষেত্রেও বৈষম্য বা ফারাক তৈরি হচ্ছে। এই অন্ধকার তাই শিক্ষাই দূর করতে পারে। সংখ্যালঘুদের উচিত নিজেদের কাবিল তৈরি করা। এ জন্য মেহনত করা। আল্লাহর রহমত তথা আশীর্বাদ আর সংখ্যালঘুদের মেহনত থাকলে তাঁরাও সমাজে অগ্রসর হতে পারবেন। 

ফিরহাদ থার্টি নামে ববি হাকিমের উদ্যোগে একটি প্রতিষ্ঠান রয়েছে। যাঁরা সংখ্যালঘুদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহ দেয়। পুরমন্ত্রীর বক্তব্য, ওই মঞ্চে দাঁড়িয়ে সংখ্যালঘুদের অনগ্রসরতা কাটানোর কথাই বোঝাতে চেয়েছি।  

ফিরহাদ হাকিমের এক মেয়ে চিকিৎসক। এক মেয়ে আইনে স্নাতক করে বিদেশে স্নাতকোত্তর করতে গিয়েছেন। বড় মেয়ে রাজনীতিতে রয়েছেন, সেই সঙ্গে তাঁর ব্যবসাও রয়েছে। 

এখন কৌতূহলের বিষয় হল, ফিরহাদ হাকিম দলের কাছে যে যুক্তি দিয়েছেন, তা দল কতটা সরল ভাবে মেনে নিচ্ছে! পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলে সমস্যা হল দলের নিচুতলা হোক বা উপরের সারি—ঐক্যের বড় অভাব। আপাত দর্শনে যে মন্ত্রীদের বিধানসভার অলিন্দে বসে একসঙ্গে আড্ডা মারতে দেখা যায়, তাঁদের মধ্যেই চরম রেষারেষি ও পরিসর দখলের লড়াই। গত এক মাস ধরে দলের মধ্যে একটা আবহ তৈরি হয়েছে যে, তৃণমূলে এখন ক্ষমতার কেন্দ্র একটাই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু দূরে দূরে রয়েছেন। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম ফের শক্তিধর হয়ে উঠেছেন বলে আলোচনা চলছিল। কিন্তু শনিবারের পর্ব যেন ফের বিষয়টা কিছুটা গুলিয়ে দিল। বড় ইন্টারেস্টিং সময় যাচ্ছে জোড়াফুলে।


```