অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিল আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা। স্থানীয় সাংবাদিক এবং ব্যাংকিং ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানঃ যোগ দেন।

শেষ আপডেট: 12 September 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে শুক্রবার অনুষ্ঠিত হল ভারত সরকারের সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো'র নিয়মিত কর্মসূচি 'বার্তালাপ'। অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিল আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা। স্থানীয় সাংবাদিক এবং ব্যাংকিং ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানঃ যোগ দেন। কর্মশিবিরের শুরুতে 'এক পেড় মা কে নাম' বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রেস ইনফরমেশন ব্যুরোর পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভিকে রেড্ডি একটি চারাগাছ রোপণ করেন। তাঁর সঙ্গে ছিলেন পিআইবি-র অতিরিক্ত মহানির্দেশিকা (এম অ্যান্ড সি) মিস জেন নামচু ও অন্যান্য আমন্ত্রিতরা।
রেড্ডি উদ্বোধনী বক্তব্যে পিআইবি-র কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি নীতি ও সিদ্ধান্তের সঠিক তথ্য পৌঁছে দেওয়াই পিআইবি-র মূল দায়িত্ব। অপারেশন সিন্দুরের সময় পিআইবি-র ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। কর্মশিবিরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার অনুপ ডুংডুং প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের কথা তুলে ধরেন। আনুষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবস্থার মানুষকে অন্তর্ভুক্ত করতে এই প্রকল্পের ভূমিকার কথা বলেন। মাছ চাষিদের ঋণ পেতে সমস্যার প্রসঙ্গে তিনি স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার ওপর জোর দেন।

নাবার্ড-এর আধিকারিক শৈকত দে কৃষকদের অপ্রাতিষ্ঠানিক ঋণদাতাদের হাত থেকে মুক্ত করার কাজের কথা বলেন। তিনি আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তার ওপর-ও জোর দেন। নিরাপদ ব্যাঙ্কিং-এর জন্য ১৬০ ও ১৪০ কোডের মাধ্যমে সত্যিকারের ব্যাংক কল চেনার কথা বলেন তিনি। নদিয়ায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলে পাঁচটি আর্থিক সাক্ষরতা কেন্দ্র চালানোর কথাও জানান।
সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর স্বচ্ছ ভারত ও পরিচ্ছন্ন জেলা প্রকল্পে নিজের অভিজ্ঞতার কথা শোনান। আর্সেনিক বিষক্রিয়ার মতো জনস্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেন। প্রচলিত স্থানীয় জল সংরক্ষণ পদ্ধতির গুরুত্বের কথা বলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ আর্সেনিকমুক্ত জল পেয়েছে বলে জানান এবং দেশিয় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পিআইবি নিয়মিত এই ধরনের জেলা পর্যায়ের সংবাদ কর্মশিবির আয়োজন করে। স্থানীয় সাংবাদিকদের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সম্পর্কে অবগত করানোই উদ্দেশ্য। সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাহায্য করা হয়।