প্রতিদিন বিকেলে ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে চলছে মহড়া। শোভা, শিবানী, মাম্পি, তনু, ঋনা, কাজল - মোট ১৭ জন মহিলা নিয়মিত অনুশীলন করছেন।

মহিলা ঢাকির দল
শেষ আপডেট: 25 September 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের বার্নপুরের (Asansol Burnpur) ধেনুয়া গ্রামের বাদ্যকর পাড়ায় এই প্রথম গড়ে উঠেছে মহিলা ঢাকিদের (Female Dhaki Group) এক বিশেষ দল। কাকা-শ্বশুরের তালিমে একসঙ্গে ঢাক হাতে নিয়েছেন বৌমা, পিসি, মাসি, ননদরা। একজন যেখানে একটি ঢাক সামলাতে হিমশিম খান, সেখানে এই মহিলারা দিব্যি দুই-তিনটে ঢাক একসঙ্গে কাঁধে তুলে বাজিয়ে চলেছেন। কেউ আবার একসঙ্গে তিনটি, এমনকী পাঁচটি ঢাকেও তুলছেন বোল।
প্রতিদিন বিকেলে ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে চলছে মহড়া। শোভা, শিবানী, মাম্পি, তনু, ঋনা, কাজল - মোট ১৭ জন মহিলা নিয়মিত অনুশীলন করছেন। বয়স কারও কুড়ি, কারও চল্লিশ। যৌথ পরিবারের বৌমা-শাশুড়ি-ননদদের মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য দল। ঢাকের তালে নিজেরাই নেচে উঠছেন তাঁরা।
শুরুটা হয়েছিল স্থানীয় মহিলাদের উৎসাহ থেকেই। পরিবারের নববধূদের কৌতূহল জাগায় ঢাকের মহড়া। পাশে দাঁড়িয়ে প্রেরণা দেন শ্বশুর-শাশুড়ি, কাকা-শ্বশুর, পিসি-শাশুড়ি, ননদরা। গৃহদেবী মা কালীর নামেই তৈরি হয় মহিলা ঢাকির এই দল।
এরপর থেকে শুধু দুর্গাপুজো নয়, মনসা পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এমনকী রাজনৈতিক সভা-অনুষ্ঠানেও তাঁদের ডাক পড়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান থেকে ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর - সব জায়গাতেই বাজিয়েছেন ঢাক।
এই দুর্গাপুজোয় তাঁদের বায়না পড়েছে কুমারপুর, চলবলপুর, জামতারা ও ধানবাদের একাধিক মণ্ডপে। বিশেষ করে নবপত্রিকা আনা আর বিসর্জনের শোভাযাত্রায় তাঁদের উপস্থিতির জন্য অপেক্ষা করছেন আয়োজকরা।
তাই বলাই যায়, বার্নপুরের মহিলাদের ঢাকের বোল এবার মাতাবে অনেক পুজো মণ্ডপ।