
শেষ আপডেট: 9 April 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সাত সকালে খুন হলেন বাবা ও মেয়ে। ঘটনায় এক জামাইকে আটক করল পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় সিঙ্গুর থানার দৌলুইগাছা হোটেল ধারে। মৃতদের নাম বিনিতা সাউ (৩০) ও বিষ্ণুদয়াল সাউ(৬০)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দলুইগাছা হোটেল ধারে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের পাশে ওই বাড়ির একতলায় ছোট মেয়ে বিনীতাকে নিয়ে থাকতেন বিষ্ণুদয়াল সাউ। দোতলায় থাকেন বড় মেয়ে ও জামাই। এদিন সকালে ঘর থেকে রক্তাক্ত দেহ মেলে বিনীতা ও তাঁর বাবা বিষ্ণুদয়ালের। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে তাঁদের।
বিনীতার একসময়ের সহপাঠী প্রীতম দে জানান, এদিন সকালে বিনীতার বড়দির ফোন পেয়ে তিনি চন্দনপুরের বাড়ি থেকে ছুটে আসেন। এসে দেখেন ঘরে পড়ে রয়েছে দুজনের রক্তাক্ত দেহ। তিনি বলেন, "আমাকে আমার বন্ধুর দিদি ফোন করে খবর দেন। বলেন তাড়াতাড়ি এসো, বোন আহত। বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে দেখতে পাই। এরপর পুলিশ আসে।"
পড়শিরা জানান, সবসময় ওই বাড়িতে অশান্তি হত। সেই অশান্তি শুধুই সম্পত্তি নিয়ে না অন্য কারণও আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত সিঙ্গুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহত বিষ্ণুদয়াল সাউয়ের বড় জামাইকে।