দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, হরিয়ানার বিজেপি প্রধান ও পি ধনকরের কনভয় থামাতে চেষ্টা করেছিলেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। পুলিশ তাঁদের ওপরে লাঠিচার্জ করে। এরপর ক্রুদ্ধ কৃষকরা হরিয়ানার বেশ কয়েকটি রাস্তা অবরোধ করেন। কুরুক্ষেত্র, দিল্লি-অমৃতসর হাইওয়ে, এবং আম্বালার পথে শম্ভু টোল প্লাজা পর্যন্ত অঞ্চল বিরাট যানজটের কবলে পড়ে।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার ওপরে খাটিয়া পেতে বসে আছেন কৃষকরা। এদিকে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি, বাস এবং ট্রাক। অপর একটি ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি গুরুতর আহত। তাঁর জামায় লেগে রয়েছে রক্ত। মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তৃতীয় একটি ভিস্যুয়ালে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ হেলমেট পরে দাঁড়িয়ে আছে।
এদিন কারনাল অঞ্চলে পুলিশ লাঠিচার্জ করে। সেখানে বিজেপির রাজ্য স্তরের বৈঠক হওয়ার কথা ছিল। বিজেপির রাজ্য প্রধান ও পি ধনকর তাতে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ধনকরের কনভয় কারনাল ও পানিপথের মাঝে বাসতারা টোল প্লাজা পেরোনর পরেই কৃষকরা পথ আটকান। তাঁরা লাঠি দিয়ে বিজেপির রাজ্য প্রধানের গাড়িতে আঘাত করেন। ওই এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে বিজেপির বৈঠক হওয়ার কথা ছিল। কৃষকরা মিছিল করে সেদিকে এগনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।
বিভিন্ন কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা ওই 'নির্মম পুলিশ আক্রমণের' নিন্দা করে। পরে তারা কৃষকদের উদ্দেশে আরও বড় আন্দোলনে নামার আহ্বান জানায়। মোর্চার নেতা দর্শন পাল ফেসবুক পোস্টে বলেন, এদিন পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
গত ন'মাস ধরে কয়েক হাজার কৃষক দিল্লি সীমান্ত অবরোধ করে আছেন। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথ অবরোধের বিরুদ্ধে জনস্বার্থের মামলা করেছিলেন নয়ডার এক বাসিন্দা। গত সোমবার সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকারকে তিরস্কার করে। বিচারপতি বলেন, কেন্দ্র, উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকারের একটা সমাধান খুঁজে বার করা উচিত। একইসঙ্গে বলা হয়, কৃষকদের প্রতিবাদ করার অধিকারকে সম্মান জানাতে হবে।
গত জুন মাসেও হরিয়ানার কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এইসময় তোহানা শহরে এক বিধায়ক কৃষকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিক্ষুব্ধ কৃষকরা প্রথমে বিধায়কের গাড়ি ঘিরে ধরেন। পরদিন তাঁরা বিধায়কের বাড়ির চারপাশে অবস্থান করেন।