এক দোকানে কেনাকটির সময় নকল টাকা দিতে, দোকানির সন্দেহ হয়। সেখানেই ধরা পড়ে যায় ওই দুই ব্যক্তি।

শেষ আপডেট: 19 July 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট থেকে উদ্ধার হল প্রায় ৯ কোটি টাকার জাল নোট। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতদের নাম সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিযুক্ত সিরাজউদ্দিন মোল্লা জীবনতলা থানা এলাকার বাসিন্দা, দেবব্রত চক্রবর্তীর বাড়ি মহেশতলায়।
এক দোকানে কেনাকটির সময় নকল টাকা দিতে, দোকানির সন্দেহ হয়। সেখানেই ধরা পড়ে যায় ওই দুই ব্যক্তি।
শুধু জাল নোট নয়, তাদের পাওয়া গেছে বেশ কিছু নেপালি মুদ্রাও। এই বিদেশি মুদ্রা সঙ্গে রাখা কি তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা, তা নিয়েও ভাবনাচিন্তা করছেন তদন্তকারীরা। সিরাজের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো আধার কার্ড। এদিকে দেবব্রতর কাছে আর কী নথি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ওই বিপুল পরিমাণ জাল টাকা রাখার নানাবিধ সরঞ্জামও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত খুব কাছে এই ধামাখালি ফেরিঘাট। সীমান্ত পেরিয়ে তারা পাশের দেশে যাওয়ার কথা ভাবছিল নাকি সুন্দরবন হয়ে কলকাতার দিকে আসার প্ল্যান ছিল তাদের, এও এখন তদন্তসাপেক্ষ। কোনও বড়সড় আর্থিক অপরাধের সঙ্গে তারা যুক্ত, এমনটাই মনে করছে পুলিশ।
অভিযুক্ত দু’জন ওই টাকা নিয়ে কোথায় যাচ্ছিল বা ওই পাহাড়প্রমাণ জাল নোট নিয়ে তাদের পরিকল্পনাই বা কী ছিল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশের সন্দেহ এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে।
এই জাল নোট উদ্ধার ঘটনায় ওই দুই অভিযুক্তকে সন্দেশখালি মহকুমা আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।