দ্য ওয়াল ব্যুরো : ২০১৯ সালের নভেম্বরে শিল্পোৎপাদনের সূচক তার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১.৮ শতাংশ। তার আগে গত অক্টোবর মাসে শিল্পোৎপাদন আগের বছরের তুলনায় ৩.৮ শতাংশ কমেছিল। অর্থাৎ গত নভেম্বরে মন্দার ধাক্কা কিছু পরিমাণে কাটিয়ে উঠেছে শিল্প।
ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দেশের ২৩ টি শিল্পগোষ্ঠীর মধ্যে ১৩ টিরই ইতিবাচক বিকাশ হয়েছে নভেম্বরে। পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের তরফে শুক্রবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পর্যবেক্ষকরা ভেবেছিলেন, গত নভেম্বরে শিল্পের উৎপাদন তার আগের বছরের একই সময়ের তুলনায় ০.৬ শতাংশ কমবে। বাস্তবে তা হয়নি।
এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসের হেড অব রিসার্চ রাহুল গুপ্তা বলেন, চারমাস পরে নভেম্বরে শিল্পোৎপাদনের বিকাশ ঘটেছে। অক্টোবরে উৎপাদন কমেছিল ৩.৮ শতাংশ, নভেম্বরে বেড়েছে ১.৮ শতাংশ। অর্থনীতিতে বড় ধরনের মন্দার জন্য গত বছর অগস্ট মাস থেকে শিল্পে উৎপাদন কমছিল। কিন্তু সম্প্রতি সিমেন্ট ও সারের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।