ঘটনায় সঙ্গে সঙ্গেই দু’জন গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 March 2026 17:49
দ্য ওয়াল ব্যুরো: সব ঠিক থাকলে আগামী সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) দিনক্ষণ ঘোষণা। তার আগে ফের বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি ঝালাইয়ের গ্যারাজে হঠাৎ বিস্ফোরণ (Budge Budge Blast) ঘটে এবং তাতে মৃত্যু হয় এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়। বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের একটি ঝালাইয়ের গ্যারাজ রয়েছে সেখানে। ওই গ্যারাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময়েই আচমকা প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গ্যারাজের টিনের ছাউনি উড়ে যায় এবং চারপাশে ছিটকে পড়ে বিভিন্ন সামগ্রী।
ঘটনায় সঙ্গে সঙ্গেই দু’জন গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলেই প্রাথমিকভাবে খবর।
বিস্ফোরণের পর এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় কোনও ত্রুটি ছিল কি না বা ঝালাইয়ের কাজের সময় কোনও অসাবধানতা হয়েছিল কি না, সেই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গ্যারাজের মালিক এবং প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।