
আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ।
শেষ আপডেট: 16 August 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার এই আবেদন জানান তিনি।
আদালত সূত্রের খবর, এদিনই দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন জানান সন্দীপবাবু। যদিও দ্রুত শুনানির আর্জি খারিজ করে সোমবার ফের আবেদন করার কথা জানিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার (৮ অগস্ট) মধ্যরাতে আরজিকরের চারতলার সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। অভিযোগ, ঘটনার পর হাসপাতালের তরফে মৃত ছাত্রীর পরিবারকে আত্মহত্যার ঘটনা বলে জানানো হয়েছিল। ঘটনায় প্রশ্নের মুখে পড়েন তৎকালীন অধ্যক্ষ। তাঁর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালতও। হাইকোর্টের নির্দেশে এরপরই সন্দীপবাবুকে ১৫ দিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য।
তারপরই নিরাপত্তা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হওয়ায় বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালত সূত্রে খবর, নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আবেদন জানিয়েছেন সন্দীপবাবু।
আরজি করের ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিকেলেই টালা থানায় গিয়ে আরজি কর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও। তাঁরাই আরজি কর মামলার তদন্ত করছে। যে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে তা নিয়ে বুধবার ও বৃহস্পতিবার তাঁরা আরজি করে গিয়েছিলেন। ঘুরে দেখেন ঘটনাস্থলও। বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এব্যাপারে সন্দীপবাবুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।