
শেষ আপডেট: 5 March 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: আইনের আদালত থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়ে দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন কলকাতা হাইকোর্টের সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎবাবুর কথায়, এবার 'মানুষের আদালতে' যোগ দিচ্ছি। মঙ্গলবার দুপুরে বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানে প্রশ্ন রাখা হয়েছিল, বিচারপতি হিসেবে এতদিন আপনার অনেক পর্যবেক্ষণ সামনে এসেছে। রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষকে কিছু বলবেন?
জবাবে তুখোড় রাজনীতিবিদের স্টাইলেই কলকাতা হাইকোর্টের সদ্য পদত্যাগী বিচারপতি বলেন, "সাধারণ মানুষকে বলব, যেখানে 'না' বলা উচিত, সেখানে মুখের ওপর 'না' বলুন। চুপ করে বসে থাকবেন না।"
সদ্যপদত্যাগী বিচারপতির কথায়, "খাটের তলায় শিরদাঁড়া খোঁজৈার দরকার নেই! ওটা আপনার সঙ্গেই রয়েছে। একটু সোজা হয়ে দাঁড়ান!"
সম্প্রতি সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এতদিন ধরে ওই ঘটনা কেন প্রকাশ্যে এল না, সেই প্রশ্নও উঠেছে। ওয়াকিবহাল মহলের মতে, শুধু সন্দেশখালি নয়, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখা যায়, প্রতিবাদ করলে পাল্টা আক্রমণ হতে পারে, এমন আশঙ্কা থেকে বহুক্ষেত্রে মানুষ চুপ করে থাকেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এ ব্যাপারেই মানুষকে চুপ করে না থেকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছে তাঁর পদত্যাগ পত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তার পর হাইকোর্ট চত্বরেই তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু সারা বছর হাইকোর্ট চত্বরে ১৪৪ ধারা জারি থাকে। তাই সিদ্ধান্ত বদল করে তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন তিনি।
সাংবাদিকরা তাঁকে কোনও প্রশ্ন করার আগেই অভিজিৎ বলেন, “কবে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেব তা এখনও চূড়ান্ত নয়। তবে সম্ভবত ৭ মার্চ যোগ দেব।” এরপরই সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিয়েছেন তুখোর রাজনীতিবিদের স্টাইলে।