দ্য ওয়াল ব্যুরো: অটো করে দুষ্প্রাপ্য পাখি নিয়ে যাওয়ার সময় ধৃত এক। বিপুল সংখ্যক ময়না ও টিয়া পাখি উদ্ধার করলো বন্যপ্রাণ অপরাধ দমন বিভাগের আধিকারিকরা।
গোপন সূত্রে খবর পেয়ে ভোর সাড়ে চারটে নাগাদ বন্যপ্রাণ অপরাধ দমন বিভাগের আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন কলকাতার গ্যালিফ স্ট্রিটে। সেই সময় নারকেলডাঙ্গার বাসিন্দা মহম্মদ সুবরাতি অটোয় করে পাখি বাজারে নিয়ে যাচ্ছিল ওই ময়না এবং টিয়াগুলিকে। সেই সময় তাকে আটক করা হয়।
অটো থেকে উদ্ধার হয়েছে ৩টি হিল ময়না (বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ আইনের প্রথম তপশিল তালিকা ভুক্ত), ৬৫টি টিয়া (বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ আইনের চার নম্বর তপশিল তালিকা ভুক্ত) পাখি। সুবরাতিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই পাখিগুলোকে গ্যালিফ স্ট্রিটে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
রবিবার সুবরাতিকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। পাখিগুলোকেও প্রাথমিক চিকিৎসার পরে আকাশে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।