২১ নভেম্বর ইভিএমের First Level Checking (FLC) নিয়ে বড় ওয়ার্কশপ ডাকল নির্বাচন কমিশন।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 19 November 2025 23:44
দ্য ওয়াল ব্যুরো: SIR প্রক্রিয়া চলার মাঝেই ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বড় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২১ নভেম্বর ইভিএমের First Level Checking (FLC) প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হবে। এই ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য রাজ্যের সব জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ডাকা হয়েছে। বৈঠকটি ইকোপার্কের কাছে তাজ কুটিরে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেশনটি পরিচালনা করবেন।
ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল ভোট গ্রহণের আগে ইভিএমের প্রতিটি ইউনিট কীভাবে পরীক্ষা করা হয়, সেই পুরো FLC প্রক্রিয়া জেলা প্রশাসনকে স্পষ্টভাবে বোঝানো। এতে থাকবে BU (Ballot Unit), CU (Control Unit) এবং VVPAT-এর শারীরিক পরীক্ষা, ফাংশনাল টেস্টিং, Mock Poll-এর নিয়ম, ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার পদ্ধতি এবং Strong Room-এ সংরক্ষণের প্রটোকল। প্রতিটি ধাপ কীভাবে নথিভুক্ত করা হয়, তারও বিস্তারিত আলোচনা করা হবে।
ডিএমদের এই বৈঠকে ডাকার উদ্দেশ্য- ভোটের প্রস্তুতির যে দায়িত্ব জেলা স্তরে থাকে, তা যেন সঠিক নিয়ম অনুযায়ী করা হয়। নির্বাচন কমিশনের মতে, আগাম প্রশিক্ষণ এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ওয়ার্কশপ প্রয়োজনীয়। এই বৈঠকে ইভিএম কমিশনিং, সিলিং, মুভমেন্ট এবং লজিস্টিকস সম্পর্কেও নির্দেশিকা ব্যাখ্যা করা হতে পারে বলে সূত্রে খবর।
সবমিলিয়ে ২১ তারিখের বৈঠকে রাজ্যের সব জেলা থেকে ডিএমরা আসবেন কলকাতায়। পাশাপাশি, পরেরদিনই নবান্নে মুখ্যসচিব সব জেলাশাসকদের বৈঠকে বসবেন। রাজ্যের সামগ্রিক উন্নয়ন হল সেই বৈঠকের আলোচ্য বিষয়। তবে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু যেহেতু রাজ্যের উন্নয়ন বিষয়ক বৈঠক সেক্ষেত্রে শেষ মুহূর্তে ভার্চুয়ালি যোগ দিলেও দিতে পারেন। তবে তা নিশ্চিত নয়।