
শেষ আপডেট: 10 December 2023 17:44
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিতে চলেছে ইডি। আগামী সপ্তাহেই আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিট পেশ হতে পারে। আর ইডি সূত্রের খবর, সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটাকলের মালিক বাকিবুর রহমানের নাম থাকতে পারে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রেশন দুর্নীতির তদন্ত করে ফেলেছেন তাঁরা। এবার আদালতে চার্জশিট পেশের পালা। সেক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনও দিনই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি আদালতে এই চার্জশিট পেশ হতে পারে। চার্জশিটে বাকিবুরকে মূল চক্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার কথাও উল্লেখ রয়েছে। মন্ত্রীর ছত্রছায়াতেই এই দুর্নীতি বেড়েছে, এমন তথ্যেরও উল্লেখ থাকতে পারে।
সূত্রের খবর, রেশনে প্রায় তিরিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই অঙ্কের খোঁজ পেয়েছে। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরের দুর্নীতি দিনকেদিন বেড়ে গিয়েছে। এমনকী দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্যও উল্লেখ করতে চলেছে ইডি।
পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেজাফতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই দু’জনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক তথ্য। গোয়েন্দাদের কাছে মন্ত্রী স্বীকার করেন, বাকিবুর রহমানের কাছ থেকে তিনি ৯ কোটি টাকা ঋণ নিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী দিনে ইডির চার্জশিট পেশের পর বালু-বাকিবুরের আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।