.webp)
শেষ আপডেট: 22 March 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গত বছরের জানুয়ারিতে গ্রেফতার করেছিল ইডি।
ইডি সূত্রের দাবি, কুন্তলের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য পাওয়া গিয়েছিল। মিলেছিল একটি রেজিস্টার। তাতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নামও ছিল। শুধু তাই নয়, মন্ত্রীর নামের পাশে ১০০ জনের নামের তালিকা ছিল বলেও দাবি ইডি সূত্রের।
তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের জড়িত থাকার কথাও জেরায় জানিয়েছেন কুন্তল এবং নিয়োগ মামলায় ধৃত মিডলম্যান গোপাল দলপতি। ওই ১০০ জনের তালিকায় কাদের নাম রয়েছে, তাদের সঙ্গে নিয়োগ মামলার কী সম্পর্ক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, সেই সূত্রেই এদিন সকালে বোলপুরের নায়েকপাড়ার বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। এর আগে নিয়োগ মামলায় মন্ত্রীকে কলকাতায় ডেকে দু'বার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
তবে মন্ত্রীকে নোটিস না দিয়ে এভাবে তদন্তকারীরা তাঁর বাড়িতে হানা দেওয়ায় বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুরারইয়ে গ্রামের বাড়িতে ছিলেন মন্ত্রী। তাঁর বোলপুরের বাড়িতে ছিলেন ছেলে ও স্ত্রী। সকালে ছেলের কাছ থেকেই ইডি হানার খবর পান মন্ত্রী। এরপরই বোলপুরের বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ইডি হানার বিষয়ে মন্ত্রীর বক্তব্য, 'না জেনে কোনও মন্তব্য করব না'।
বৃহস্পতিবার রাতে আচমকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আপ নেতৃত্বর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটের আগে বিরোধীদলের আরও নেতা, কর্মীদের জেলে ঢোকাতে পারে বিজেপি। এমন আবহে এরাজ্যের এক মন্ত্রীর বাড়িতে সাত সকালে ইডি হানাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে। বিষয়টির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।