কয়লা পাচার মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। যাবতীয় নথি ঘেঁটে ৯ জনের নাম উঠে আসে।

বুদবুদ থানার ওসির বাড়িতে ইডি
শেষ আপডেট: 3 February 2026 13:08
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Smuggling case) মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি (ED Raid in Bengal)। যাবতীয় নথি ঘেঁটে ৯ জনের নাম উঠে আসে। তাঁদের মধ্যেই রয়েছেন রাজ্য পুলিশের একজন আধিকারিক। এদিন সকালে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। দু'দিন আগেই বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল। কী অভিযোগ তাঁর বিরুদ্ধে।
ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় যে প্রোটেকশন মানির (Protection Money) লেনদেন হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। এদিন দুর্গাপুরের বাড়িতেই ছিলেন মনোরঞ্জন মণ্ডল। তল্লাশির পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৯ জায়গায় হানা দিয়েছে ইডি (ED Raid in Bengal)। কয়লা পাচার চক্রের (Coal Smuggling) বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতেই সাতসকালে এই অভিযান বলে খবর। কেবল বাংলায় নয়, সূত্রে খবর, ইডির একটি দল ইতিমধ্যেই দিল্লির (ED Raid in Delhi) বেশ কিছু জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেছে।
ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে একাধিক অভিযান এবং বাজেয়াপ্ত নথিপত্র ঘেঁটে কয়লা পাচার মামলায় (Coal Scam Case) কয়েকজনের ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তাঁরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত ৯ জনের একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা।
দু'মাস আগে ইডি অভিযানে যে ডিজিটাল প্রমাণ (Digital Evidence) পাওয়া গিয়েছিল, যার মধ্যে ছিল মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ চ্যাট-সহ আরও একাধিক ডিজিটাল নথি বাজেয়াপ্ত করে। সেই সূত্র ধরেই উঠে আসে মনোরঞ্জ মণ্ডলের নাম। এছাড়াও তদন্তে কিরণ খান, শেখ আখতার, প্রবীর দত্ত, অমিত বনশল, মির্জা নিজামুদ্দিন, চিন্ময় মণ্ডলের নামও রয়েছে। জানা গেছে, এই চিন্ময় মণ্ডল কয়লাপাচার মামলায় অন্যতম মাথা ছিলেন।
জানা গেছে, দুর্গাপুরে (ED in Durgapur) বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই বালির কারবারে যুক্ত এই প্রবীর দত্ত আগে পানাগড়ে থাকতেন। প্রায় দু’বছর আগে তিনি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে থাকতে শুরু করেন। সূত্রের দাবি, সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন।
কিন্তু সাতসকালে সেখানে এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। অভিযোগ, ইডি আধিকারিকরা সেখানে গেলে প্রথমে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তদন্তকারীরা বাড়ির দরজা খুলিয়ে তদন্ত শুরু করেন। তাঁর সঙ্গে আর কারা এই চক্রে যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, প্রবীর দত্তের ভাইয়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার (I PAC case in Supreme Court) শুনানি রয়েছে। তার আগেই সেই কয়লা পাচার মামলায় ইডি অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। তার আগেই সেই কয়লা পাচার মামলায় ইডি অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।