কয়লাপাচার মামলায় ৮ জনকে ডেকে পাঠাল ইডি। তল্লাশি অভিযান চালিয়ে যে নথি উদ্ধার করা হয়েছিল, সেগুলি খতিয়ে দেখে একাধিক প্রশ্ন উঠে এসেছে, সেগুলির উত্তর জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

ইডি
শেষ আপডেট: 19 December 2025 00:50
দ্য ওয়াল ব্যুরো: কয়লাপাচার মামলায় ৮ জনকে ডেকে পাঠাল ইডি (ED summon in Coal Scam)। তল্লাশি অভিযান চালিয়ে যে নথি উদ্ধার করা হয়েছিল, সব খতিয়ে দেখে একাধিক প্রশ্ন উঠে এসেছে, সেগুলির উত্তর জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। তাঁদের মধ্যে রয়েছেন কয়লা ব্যবসায়ী (Coal Trader) নরেন্দ্র খারকা, কৃষ্ণকুমারী কয়াল, নিরোদ মণ্ডল।
তল্লাশি চালিয়ে বেশ কিছু ডিজিটাল তথ্যপ্রমাণও পাওয়া গেছিল, যেগুলি তাঁদের সামনেই খুলে দেখতে চায় তদন্তকারীরা। কয়লা ব্যবসায়ীদের প্রভাবশালী যোগ রয়েছে বলেও তদন্তে জানতে পেরেছে ইডি। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রোটেকশন মানি হিসেবে বিপুল টাকা রাখা হয়েছিল। সব তথ্য খতিয়ে এবার প্রশ্নের উত্তর চায় তাঁরা।
গত নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডজুড়ে অভিযান করেছিল ইডির (ED) তদন্তকারী দল। আসানসোল, পুরুলিয়া, কলকাতার (Kolkata ED) কয়েকটি এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ, দুই রাজ্য মিলিয়ে প্রায় ৪০টি ঠিকানায় হানা দেয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার প্রায় ২০টি জায়গা, বিশেষত বিধাননগরের এ কে ব্লক এবং সিএফ ব্লকে হয়েছিল তল্লাশি।
ইডি সূত্রে জানা গেছিল, শুধু বাংলাতেই তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা, ৬ কোটি মূল্যের সোনার গয়না ও ১২০টি সম্পত্তির নথি উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।
এর আগেও ঠিকাদার এলবি সিং-এর সংস্থায় আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল এবং তখন প্রায় ১০০ কোটি টাকা নগদ পাওয়া যায়। পরে সিবিআইয়ের তদন্তে বিসিসিএল-এর কয়লা সংক্রান্ত টেন্ডার জালিয়াতির অভিযোগে এলবি সিং-কে অভিযুক্ত করা হয়। সেই মামলাটি ECIR হিসেবে নথিভুক্ত করার পরই ইডি এই পুরো ঘটনার অর্থলেনদেনের দিকটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।