নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সতর্ক করেছে যে, ভোটার তালিকা পর্যবেক্ষকরা (Electoral Roll Observer) দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা দক্ষিণে সফরের সময় যথাযথ নিরাপত্তা পাননি।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 3 January 2026 22:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ খতিয়ে দেখতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে (C Murugan)। কয়েকদিন আগেই মগরাহাটে (Magrahat) তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করল কমিশন (ECI)।
জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) রাজ্য পুলিশকে সতর্ক করেছে যে, রোল অবজার্ভাররা (Electoral Roll Observer) দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা দক্ষিণে সফরের সময় যথাযথ নিরাপত্তা পাননি। কমিশনের পর্যবেক্ষণ শ্রী সি মুরুগান (IAS) গত ৩০ ডিসেম্বর এই ধরনের ঘটনাগুলোর রিপোর্ট পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, মগরাহাট-১, মগরাহাট-২ এবং কুলপি ব্লকের এসআইআর (Special Intensive Revision) হিয়ারিং ক্যাম্পগুলোতে পর্যবেক্ষকের জন্য সুরক্ষা ব্যবস্থা যথাযথ ছিল না। পর্যবেক্ষককে ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে হয়েছে, যেখানে স্লোগান দেওয়া, জনসমাগম, সরকারি কাজে বাধা এবং পর্যবেক্ষকের গাড়িতে হামলা করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত,উত্তেজিত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
সি মুরুগানের (C Murugan) সফর সম্পর্কে আগে থেকে পুলিশকে জানানো সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটল, ডিজিপিকে চিঠি লিখে জবাব চাইল কমিশন। এমনকি এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের গুরুতর গাফিলতি দায়ী বলেও জানিয়েছে কমিশন। আগামী ৬ জানুয়ারি, বিকেল ৫টার মধ্যে রাজীব কুমারকে জবাব দিতে হবে। পাশাপাশি, রোল অবজার্ভার-সহ এসআইআরের কাজে নিযুক্ত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মগরাহাটের ঘটনার পর দ্য ওয়ালের তরফে সি মুরুগানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এ নিয়ে আমি কিছু বলব না। তবে হ্যাঁ আমি আমার কাজ করতে এসেছি। হিয়ারিং (শুনানি) কেমন চলছে ভিজিট করতে গিয়েছিলাম। এখানে অসুবিধা কোথায়? আমি ইতিমধ্যেই পুরো ঘটনার কথা সিইও-কে জানিয়েছি।"