কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যাঁদের সম্প্রতি বদলি করা হয়েছে, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, ডিএম বা এসপিদের বাংলো এবং সংশ্লিষ্ট লজিস্টিক ব্যবস্থাও দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে বলা হয়েছে।

জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 20 March 2026 17:31
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে ভোট প্রস্তুতিতে আরও জোর দিচ্ছে নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে (ECI Meeting With DM-SPs) রাজ্যের সদ্য নিয়োজিত জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি) ডিজি এবং পুলিশ কমিশনারকে (সিপি) দ্রুত নিজেদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যাঁদের সম্প্রতি বদলি করা হয়েছে, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, ডিএম বা এসপিদের বাংলো এবং সংশ্লিষ্ট লজিস্টিক ব্যবস্থাও দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে বলা হয়েছে।
সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই দেখা যায় বিদায়ী আধিকারিকরা বাংলো ছাড়তে দেরি করেন বা প্রয়োজনীয় লজিস্টিক যথাযথভাবে হস্তান্তর করেন না। কখনও কখনও এই প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগও ওঠে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, সে দিকেই কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে আধিকারিকদের উদ্দেশে কমিশনের বার্তা ছিল স্পষ্ট - সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে মাঠপর্যায়ের কাজ, সব ক্ষেত্রেই দ্রুততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে।
কমিশন জানিয়েছে, নতুন করে বদলি হওয়া ডিএম ও এসপিরা যাতে নির্বিঘ্নে কাজ শুরু করতে পারেন, তার জন্য সংশ্লিষ্ট বাংলোগুলি দ্রুত খালি করতে হবে। পাশাপাশি প্রশাসনিক বৈঠক, সমন্বয় এবং অন্যান্য সরকারি কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়াও, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছ’টি মূল লক্ষ্য স্থির করেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত আধিকারিকদের জানানো হয়েছে, এই লক্ষ্যগুলিই হবে তাঁদের কাজের মূল ভিত্তি।
এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে -
বুথ দখল রোধ করা
ভুয়ো ভোট প্রতিরোধ করা
অশান্তিমুক্ত নির্বাচন নিশ্চিত করা
কোনও প্রভাব ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করা
ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা
রাস্তা আটকানো, ভোটারদের বেরতে বাধা বা ভয় দেখিয়ে বুথে যাওয়া থেকে আটকানো রোধ করা
সবমিলিয়ে, ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা আরও সক্রিয় ও নিরপেক্ষ করতে চাইছে নির্বাচন কমিশনের। সেই পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে শুক্রবারই জানা গেছে, কিছুদিনের মধ্যেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Deputy EC Gyanesh Bharti)। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৫ ও ২৬ তারিখ তাঁর এই বঙ্গ সফর হতে পারে।
সূত্রের খবর, রাজ্যে এসে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে আলাদা করে আলোচনা করারও কথা রয়েছে তাঁর। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (ECI Gyanesh Kumar) নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। সেই সফরের পরই ঘোষণা করা হয় নির্বাচনের সূচি। এবার ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করা হচ্ছে।